
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে জড়িয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আরিফুর রহমান তাঁর দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট দেন। একটি পোস্টে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অন্যটিতে লেখা ছিল, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’ পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে আরিফুর রহমান স্ত্রীসহ তাঁর বাসায় জন্মদিনের কেক কাটেন। এরপর বাসা থেকে বেরিয়ে রাত সাড়ে দশটার দিকে তিনি ফেসবুকে পোস্ট দেন। পোস্ট দেখে অনেকে তাঁর বাসায় যান, পুলিশও আসে।
ইউএনও আরও জানান, আরিফুর রহমান তখন অস্বাভাবিক আচরণ করছিলেন এবং পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না। এর আগে তিনি বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর এবং টেবিলের কাচ ভাঙচুর করেন বলে জানান ইউএনও। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও সেখানে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল বাতেনকে ফোন দেওয়া হলে তিনি এসে তাঁকে ঘুমের ইনজেকশন দেন। পরে রাত প্রায় আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হয় তাঁকে।
প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আরিফুর রহমান অস্বাভাবিক আচরণ শুরু করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁর স্ত্রী তাঁকে সিলেটে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরিফুর রহমান শান্ত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় অবস্থান করছেন।
আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আরিফুর রহমানের আগে থেকেই মানসিক সমস্যা ছিল বলে তাঁর পরিবারের কাছ থেকে জানা গেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রামের বাসায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।
অনুষ্ঠানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তারের প্রসঙ্গও তোলেন তিনি। মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি।
এ ছাড়া গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন, এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন।
এর আগে ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় এসেছিলেন অধ্যাপক শামীমা সুলতানা। তখন তিনি জাবির বাংলা বিভাগের সভাপতি ছিলেন। পরে তাঁর কার্যালয়ে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে; ছবিতে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না।
ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ওয়াশিংটনের নেই বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও আপাতত তেহরানের ওপর সামরিক আক্রমণ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
মিশিগানে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অবস্থান জানান। ইরানে হামলা চালানো হবে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাবে ট্রাম্প বলেন, আপাতত কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এর আগে রোববারের প্রথম ভাগে ইরানকে সতর্ক করে কঠোর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হবে, নাকি দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে—মূলত এটিই এখন একমাত্র অমীমাংসিত বিষয়।
একই সাক্ষাৎকারে পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার দাবি করে তিনি বলেন, কৌশলগত হরমুজ প্রণালি এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে ইরান কোনো সুবিধা আদায় করতে পারছে না।
এর আগে শনিবারও সামরিক আঘাত কিংবা কূটনৈতিক সমঝোতা—দুই পথই খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি জানান, তেহরান কোনো দ্বিপক্ষীয় প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে তাঁর গভীর সন্দেহ রয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের আকাশ হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। পরে জুনে হওয়া সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী হয়নি।
এমন টানাপোড়েনের মধ্যেই নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর এই ঘোষণা এল।
শান্তিতে নোবেল পুরস্কার বারবার উপেক্ষিত হওয়া নিয়ে রোববার রাতে নরওয়ের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নরওয়ে ‘খুব খারাপ’ এবং দেশটি একটি ‘জঘন্য দেশে’ পরিণত হয়েছে।
মিশিগানের পোর্ট হিউরনে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে নরওয়ের সমালোচনা শুরু করেন।
অসলোভিত্তিক নোবেল কমিটি দুইবার ট্রাম্পকে পুরস্কারের জন্য পাশ কাটিয়ে গেছে—২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবং ২০২৬ সালে শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে কাজের জন্য দক্ষিণ আফ্রিকার বিচারক নাভি পিল্লাই এই পুরস্কার পান।
দ্বিতীয় মেয়াদে অন্তত আটটি সংঘাতের নিষ্পত্তি করেছেন বলে দাবি করে ট্রাম্প নিজের শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব জোর গলায় তুলে ধরেছেন। সমাবেশে তিনি বলেন, ‘আমার কথা কী? তারা কি দুটি পুরস্কার দেয়? তাই নরওয়েকে আমি ভালোবাসি না। সত্যি বলতে, নরওয়ে খুব খারাপ। নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে।’
অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ ভালো চলছে এবং ডেনমার্ক একটি ‘ভালো দেশ’—সেখান থেকে কেউ যুক্তরাষ্ট্রে আসতে চাইলে তিনি তাতে রাজি। তবে তিনি বলেন, নোবেল পুরস্কার না পাওয়ার কারণে নরওয়ে থেকে কাউকে তিনি চান না এবং নরওয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেও তিনি আগ্রহী নন। সোমালিয়া থেকে আসা অভিবাসীদের নিয়েও তিনি কড়া মন্তব্য করেন।
২০২৫ সালের পুরস্কার ট্রাম্প না পেলেও বিজয়ী মাচাদো এ বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে এক বৈঠকে নিজের পদক ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। সমাবেশে সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘যিনি পুরস্কারটি পেয়েছিলেন, মারিয়া, তিনি খুব ভালো মানুষ। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এটা পেয়েছি। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পাওয়া উচিত। তিনি আমাকে তাঁর নোবেল শান্তি পুরস্কার দিয়ে দিয়েছিলেন, খুব সুন্দর ব্যাপার ছিল। আমি এটা ভুলব না।’
লুনি টিউনসের বিখ্যাত চরিত্র বাগস বানি, ড্যাফি ডাক ও পোর্কি পিগের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
ইনস্টাগ্রামে দেওয়া পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমি পুরস্কারজয়ী এই শিল্পী ‘হঠাৎ’ মারা গেছেন।
বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগ এবং রোববার নিজের বাড়িতেই তিনি মারা যান।
বাউজা কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন ফিলিপিনো বংশোদ্ভূত। ২০২১ সালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি লুনি টিউনস চরিত্রগুলোর বড় ভক্ত ছিলেন এবং শিশু বয়সে সেসব চরিত্রের কণ্ঠ নকল করতেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লুনি টিউনস সব ভাষা ও সব সংস্কৃতিকে ছাড়িয়ে যায়। পৃথিবীর যে প্রান্তেরই হোন না কেন, এই কৌতুক আপনি বুঝতে পারবেন।’
২০২১ সালের ‘স্পেস জ্যাম: আ নিউ লিগ্যাসি’ ছবিতে তিনি ড্যাফি ডাক, পোর্কি পিগ, এলমার ফাড ও ফগহর্ন লেগহর্নের কণ্ঠ দেন। পরে ‘কয়োটি ভার্সেস অ্যাকমি’ ছবিতে তিনি একই চরিত্রগুলোসহ রোড রানারের কণ্ঠেও ফিরে আসেন। এই গ্রীষ্মের অ্যানিমেশন হিট ‘কয়োটি ভার্সেস অ্যাকমি’ ছবিতে তিনি একাধিক চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন এবং সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘ফরগটেন আইল্যান্ড’ ছবিতেও তিনি অভিনয় করেছেন।
২০২৩ সালের ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ এবং এর সিক্যুয়েল ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’তে তিনি টোড জেনারেল চরিত্রে কণ্ঠ দেন। সিক্যুয়েলটি এ বছর আন্তর্জাতিকভাবে পঞ্চম সর্বোচ্চ আয় করা ছবি।
২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন টিভি ধারাবাহিকে অসাধারণ কণ্ঠ অভিনয়ের জন্য তিনি তিনটি এমি পুরস্কার জেতেন।
হলিউড রিপোর্টারে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ার্নার ব্রোস. টেলিভিশন গ্রুপ ও ইউএস নেটওয়ার্কসের চেয়ারম্যান চ্যানিং ডাঙ্গি বলেছেন, ‘এরিক বাউজা ছিলেন অনন্য এক কণ্ঠপ্রতিভা, যিনি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে আনন্দ ও হাসি দিয়েছেন। তিনি মেল ব্ল্যাংকের মতো মহানদের পদাঙ্ক অনুসরণ করেছেন। এরিক নিজে বলতেন, লুনি টিউনসের কিংবদন্তি ঐতিহ্য এগিয়ে নেওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর এটি উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়ে বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর অবস্থান ১৫ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
আজ (২৬ অক্টোবর) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ (২৬ অক্টোবর) পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায়।
ওই পোস্টে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে।
এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা।
গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ বলে জানিয়েছে বিআরটিএ। নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিশ্বের অন্যতম কঠিন ও পরিচিত অফ-রোড রেস ডাকার র্যালির ২০২৭ সালের আসর সৌদি আরব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আয়োজকেরা বলেছেন, ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে জানুয়ারির এই রেস অন্য জায়গায় সরানো হচ্ছে।
রেসটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন এটি “ভিন্ন একটি অঞ্চলে” অনুষ্ঠিত হবে, যা পরে ঘোষণা করা হবে। রবিবার আমাউরি স্পোর্ট অর্গানাইজেশন ও সৌদি মোটরস্পোর্ট কোম্পানি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন জায়গার নাম “আসন্ন দিনগুলোতে” ঘোষণা করা হবে। আয়োজকেরা ২০২৮ সালে রেসটি সৌদি আরবে ফিরিয়ে এনে এর ৫০তম আসর উদযাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং সৌদি আরবে ইয়েমেনের হুতিদের প্রাণঘাতী হামলার কারণে এই বছর সৌদি আরব থেকে সরিয়ে নেওয়া ক্রীড়া ইভেন্টের ধারাবাহিকতায় ডাকার র্যালিই সর্বশেষ সংযোজন।
সৌদি আরব ২০২০ সাল থেকে ডাকার র্যালির আয়োজক ছিল। রেসবিষয়ক বিশেষায়িত গণমাধ্যমের প্রতিবেদনে মরক্কো বা স্পেনে এই রেস সরানোর বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। মরক্কোতে গেলে ২০০৭ সালের পর প্রথমবার আফ্রিকায় ডাকার র্যালি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল প্যারিস থেকে সেনেগালের রাজধানী ডাকার পর্যন্ত রেস হিসেবে। উত্তর আফ্রিকায় নিরাপত্তা উদ্বেগের কারণে ২০০৮ সালে স্বল্প নোটিশে এটি বাতিল করা হয়। এরপর এটি প্রথমে দক্ষিণ আমেরিকায়, তারপর সৌদি আরবে অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে অন্য ইভেন্টগুলোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত এসেছে। এই মৌসুমের জেদ্দার ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি বাতিল করা হয়েছে, আর বাহরাইনের রেস বাতিলের পর একই নামে মালয়েশিয়ায় পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত রাউন্ডও বাতিল করা হয়েছে।
নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জভেরেভের অংশ নেওয়ার কথা থাকা সৌদি আরবের একটি প্রীতি টেনিস টুর্নামেন্ট ডিসেম্বরের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় ডব্লিউটিএ ফাইনালসও সেখানে হবে না; এর পরিবর্তে তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত হবে।
মৌসুমের শেষ দুটি ফর্মুলা ওয়ান রেস—কাতারে ২৯ নভেম্বর ও আবুধাবিতে ৬ ডিসেম্বর—এখনও সূচিতে রয়েছে, আগামী মাসের কাতার মোটোজিপিও সূচিতে আছে। তবে এগুলো নিয়ে তীব্র অভ্যন্তরীণ বিতর্ক চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আয়োজকেরা দেশের উত্তরাঞ্চলে নতুন রুট নিয়ে ২০২৭ সালের রেস সৌদি আরবেই রাখার আশা করেছিলেন। কিন্তু এই মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলাসহ সর্বশেষ হামলাগুলোতে ১৮ জন নিহত ও শত শত মানুষ আহত হওয়ার পর তা আর সম্ভব হয়নি বলে আয়োজকদের বিবৃতির প্রেক্ষাপটে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় সদস্য মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কর্নেল মো. সুরুজ মিয়া বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও কাজ করা হচ্ছে। এ জন্য প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কর্নেল মো. সুরুজ মিয়া বলেন, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রার্থী, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (২৫ অক্টোবর) শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত জানান। চিঠিতে তারা বলেন, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে আর একাডেমিক ক্ষতি বাড়াতে চান না তারা, তাই দ্রুত শ্রেণিকক্ষে ফিরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর পক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেন তারা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত আন্দোলন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
শিক্ষার্থীরা আরও জানান, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা চাই, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। তবে, ক্লাসে ফেরা মানে আমাদের ন্যায্য দাবি থেকে সরে আসা নয়।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফির নিলাম শুরু হয়েছে। তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড গঠনের জন্য ২৬৯ জন ক্রিকেটারের নাম তোলা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিলাম পর্ব শুরু হয়। নিলাম পরিচালনা করছেন ভারতের অভিজ্ঞ উপস্থাপক ও নিলামকারী চারু শর্মা।
এই নিলামে প্রচলিত অর্থের পরিবর্তে পয়েন্টের ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইকন ক্রিকেটারদের বাইরে নিলামের মাধ্যমেই বাকি খেলোয়াড়দের দলে নেবে তারা। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে নিজেদের স্কোয়াড সাজানোর সুযোগ পাবে।
ডি-থ্রি ট্রফিতে থাকছে ক্রিকেটের তিন সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। প্রতিযোগিতায় চারদিনের সাতটি, ওয়ানডে ১৬টি ও টি-টোয়েন্টি ১৯টি ম্যাচসহ মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণ।
নিলামের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ওয়ালটন গ্রুপের আইকন মেহেদী হাসান মিরাজ, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইস ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন্স ব্যাংকের আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন নাঈম শেখ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৪ শিশুর মৃত্যু হলো।
সোমবার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তার বয়স ৯ মাস। হাম উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৮ শিশু।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ৫০১ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৩০০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু।
চিকিৎসকদের ভাষ্য, হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিশুদের মধ্যে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার ঘাটতি রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অনেক শিশু টিকা নেয়নি অথবা টিকা নেওয়ার বয়স হয়নি। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ফেনীর দাগনভূঞা উপজেলায় মেয়ে রানু আক্তারের ধারালো বটির কোপে সেতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মা নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বড় বাড়ির হোসেন মিয়ার ঘরে এই ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের হোসেন মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত রানু আক্তার তাঁদের মেয়ে।
খবর পেয়ে দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে দশটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়ে রানু আক্তারকে (৪২) আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে রানু আক্তার অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন এবং মানসিক চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। রবিবার রাতে হঠাৎ রানু ঘরের অন্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তাঁর মা সেতারা বেগমকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকেন ও দরজা ভেতর থেকে আটকে রাখেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে অভিযুক্ত মেয়ে রানুকে আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানান, রানু আক্তার আগের থেকে মানসিক অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তিনি স্ট্রোক করেন। মানসিক অসুস্থতার কারণে তাঁর স্বামী তাঁকে বাবার বাড়িতে রেখে যান। চিকিৎসার জন্য তাঁকে আগামী কয়েক দিনের মধ্যে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা ছিল।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বটিসহ এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে জানালেও বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।