কেনিয়ায় শোকযাত্রার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৪, আহত আরও ২৪
কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে শোকযাত্রীদের বহনকারী বাসের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে মিতিতো আন্দেইয়ের কাছে কাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী নাইরোবির সঙ্গে উপকূলীয় শহর মোম্বাসাকে যুক্ত করা মহাসড়কে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।
বাসটি ছিল মোম্বাসার পাওয়ার অব দ্য ওয়ার্ড চার্চ ইন্টারন্যাশনালের। পশ্চিম কেনিয়ায় নিজেদের পাদরির শেষকৃত্যে অংশ নেওয়ার পর যাত্রীরা ওই বাসে করে ফিরছিলেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের কিছুক্ষণ আগেই বাসটি নাশতার জন্য থেমেছিল। অপর যানটি ছিল সিমেন্ট পরিবহনকারী একটি ট্রাক।
বেঁচে যাওয়া যাত্রী ভায়োলেট মোয়ানদোনি রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তিনি যাত্রীদের পাশ দিয়ে যাওয়া গাড়িচালকদের কাছে সাহায্যের জন্য চিৎকার করার কথা মনে করতে পারছেন। তিনি জানান, বাসে থাকা তাঁর দুই সন্তানের কী হয়েছে, তা তিনি জানেন না।
দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে ওই এলাকার সরকারের জ্যেষ্ঠ প্রশাসক মাকুয়েনি কাউন্টি কমিশনার আবদুল্লাহি খলিফ কেনিয়ার দ্য স্ট্যান্ডার্ড পত্রিকাকে বলেছেন, বাসচালক কয়েকটি যানবাহনকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ান।
কেনিয়ার জাতীয় পরিবহন ও নিরাপত্তা কর্তৃপক্ষও (এনটিএসএ) বিপজ্জনকভাবে পাশ কাটানোকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছে। তবে আরেকজন জীবিত যাত্রী বলেছেন, ট্রাকটি পেছন থেকে বাসটিকে ধাক্কা দিয়েছে।
একই মহাসড়কে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি আগে আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছিল। গত ৩ অক্টোবর সালামার কাছে একই মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে ১৭ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন একটি প্রার্থনাস্থলে যাওয়া ক্যাথলিক তীর্থযাত্রী। পুলিশ জানিয়েছিল, সেখানেও এক ট্রাকচালক আরেকটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ ঘটান।
এনটিএসএ আগেই ওই মহাসড়কের ওই অংশটিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছিল। রোববারের দুর্ঘটনার পর সংস্থাটি সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্যোগ ঘোষণার আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট উইলিয়াম রুতো রোববার শোক প্রকাশ করেছেন এবং গণপরিবহনে ব্যবহৃত যানবাহন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
পরিবহনমন্ত্রী ডেভিস চিরচির বলেছেন, সরকার অতিরিক্ত গতি ও অনিরাপদ পাশ কাটানোর বিরুদ্ধে নজরদারি জোরদার করবে, মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো উন্নত করবে এবং বাণিজ্যিক চালকদের প্রশিক্ষণ ও যাচাই ব্যবস্থা শক্তিশালী করবে। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও আইনপ্রণেতাদের সঙ্গে মিলে এসব পদক্ষেপ নেবে, যার মধ্যে বাস ও ভারী পণ্যবাহী যানবাহনের ওপর কড়া নজরদারিও থাকবে।
চিরচির বলেন, "সড়ক নিরাপত্তাকে আমরা আর আগের মতো হালকাভাবে নিতে পারি না।" মৃত্যু কমাতে তিনি আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
কেনিয়ার গণমাধ্যমে প্রকাশিত এনটিএসএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫,০০৯ জন মারা গেছেন, আর ২০২৬ সালের প্রথমার্ধেই নথিভুক্ত মৃত্যু ২,১৫০। সংস্থাটির হিসাবে কেনিয়ায় প্রতি বছর প্রায় ২০,০০০ সড়ক দুর্ঘটনা ঘটে।




