সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যের কমিটি, সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক

সাজেকের চলমান পরিস্থিতি নিরসনে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সোমবার (২৬ অক্টোবর) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের দাবির বিষয়ে আলোচনা করবেন। এর মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রবিবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হেডম্যান ও কার্বারিদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবসহ সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কারবারিরা।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে যেহেতু কার্বারি অ্যাসোসিয়েশনের নাম এসেছে, সে কারণে আমরা হেডম্যান ও কার্বারিদের নিয়ে বসেছি। আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি।’
ওয়াদুদ ভূঁইয়া জানান, সভায় রাঙামাটির তিনজন হেডম্যান ও কার্বারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কার্বারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
ওয়াদুদ ভূঁইয়া জানান, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি। শনিবার আন্দোলনকারীদের একটি বিবৃতির মাধ্যমে আলোচনায় বসার আগ্রহের কথা জানতে পেরেছেন তাঁরা। ফলে এখন আলোচনার পথ উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির সমাধান হবে। আর এর মধ্য দিয়ে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হবে পর্যটনকেন্দ্র সাজেক।



