ঢাকার বাইরে মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল হিন্দু সম্মিলন সংঘ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ।
সংগঠনটি আগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে পরিচিত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন।
বিবৃতি অনুযায়ী, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
সংগঠনটির দাবি, দেশের কোনো সরকারপ্রধান হিসেবে ঢাকার বাইরে গিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের এই উদ্যোগ একটি যুগান্তকারী ও অনন্য দৃষ্টান্ত।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ঢাকার বাইরের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে এবং এটি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই অসাম্প্রদায়িক নীতির প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন।
সংগঠনটির মতে, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতেও এটি সহায়ক হবে।
বিবৃতির শেষাংশে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর এই সদয় দৃষ্টি ও সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকার কথা বলা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ।



