তেজগাঁওয়ে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটিতে বিস্ফোরণ, পথচারী আক্তার হোসেন আহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে রোববার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেন নামে একজন পথচারী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
ওসি জানান, রাত পৌনে এগারোটার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। এই ঘটনায় একজন পথচারী সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান।
কারা কীভাবে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে ওসি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল, রিকশা বা প্রাইভেটকারে এসে এই ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়টি এখনও বলা যাচ্ছে না। এ নিয়ে পুলিশের টিম কাজ করছে বলে তিনি জানান।
পুলিশের একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।


