পুরান ঢাকার অগ্নিনিরাপত্তায় ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে রাজধানীর পুরান ঢাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে ডিএসসিসির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসক আবদুস সালাম বলেন, পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।
তিনি বলেন, পুরান ঢাকার অনেক সড়ক দোকানপাট ও অবৈধ দখলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার সময় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পুরান ঢাকার অবকাঠামোগত ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসক বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং সড়কের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সড়কবাতি সচল রাখা ও পরিচ্ছন্নতা জোরদার করে পুরান ঢাকার পরিবেশ উন্নত করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর।
প্রশাসক আরও বলেন, পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এলাকার সামগ্রিক উন্নয়নে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি জানান।




