পূর্ব লন্ডনে টাওয়ার ব্লক থেকে পড়ে চার বছরের শিশুর মৃত্যু, ঘটনাকে সন্দেহজনক মনে করছে না পুলিশ

পূর্ব লন্ডনের একটি টাওয়ার ব্লক থেকে পড়ে চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শনিবার বার্কিংয়ের সেন্ট পলস রোডের একটি ঠিকানায় 'উচ্চতা থেকে পড়ে' আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয় বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।
পুলিশ বলেছে, তদন্ত এখনো চলছে, তবে 'এই মুহূর্তে ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না।'
পুলিশের এক মুখপাত্র বলেছেন, লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের সঙ্গে কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং সেখানে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুখপাত্র বলেন, 'চার বছর বয়সী শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও খুবই দুঃখজনকভাবে সে তার আঘাতের কারণে পরে মারা যায়। এই অত্যন্ত কঠিন সময়ে আমাদের ভাবনা ও গভীর সমবেদনা শিশুটির পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।'
তিনি আরও বলেন, 'এই মর্মান্তিক ঘটনার পরিস্থিতি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তবে এই মুহূর্তে ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না।'
লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স কর্মী, একজন ক্লিনিক্যাল টিম ম্যানেজার, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার, একজন অ্যাডভান্সড প্যারামেডিক প্র্যাকটিশনার এবং লন্ডনের এয়ার অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। মুখপাত্র বলেন, 'আমরা ঘটনাস্থলে একটি শিশুকে চিকিৎসা দিয়ে রোগীকে লন্ডনের একটি বড় ট্রমা সেন্টারে নিয়ে যাই।'
ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।




