রিয়াদে আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন, বিমানবন্দরে স্বাগত জানাল ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকে পড়া ৪০ বাংলাদেশি ওমরাহযাত্রী নিরাপদে দেশে ফিরে এসেছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফিরে আসা সবাই সৌদিতে আটকে পড়া ওমরাহযাত্রী ছিলেন।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে আসা ওমরাহযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান।
দেশে ফেরার পর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে থাকাকালীন ধর্মমন্ত্রী প্রতি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং কর্তৃপক্ষকে তাদের সবসময় পাশে থেকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছিলেন।
তিনি জানান, লাগেজ না পাওয়ার কারণে বিপাকে পড়া যাত্রীদের মাঝে ধর্মমন্ত্রীর নির্দেশনায় আপ্যায়ন, পোশাক-পরিচ্ছদসহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। দেশে ফেরার পর তাদের আপ্যায়ন এবং নিজ নিজ গন্তব্যে (সিরাজগঞ্জ) নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তারা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। ওমরাহযাত্রীরা মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়াও করেছেন।
এছাড়া ওমরাহযাত্রীরা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, রাজকীয় সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
ধর্ম মন্ত্রণালয় জানায়, ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। ধর্মমন্ত্রী সৌদি আরবে অবস্থানকালীন ওমরাহযাত্রী দলের সঙ্গে সবসময় যোগাযোগ অব্যাহত রাখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা দেন।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নিজস্ব উদ্যোগে সেখানে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। এছাড়া বিমানবন্দরে প্রত্যাবর্তনের পর ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ওমরাহযাত্রীদের আপ্যায়ন ও তাদের নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছানোর জন্য যানবাহন সুবিধা দেওয়া হয়।
হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশি ওমরাহ কাফেলার ৭ জন ওমরাহযাত্রী আহত অবস্থায় রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ম মন্ত্রণালয় তাদের চিকিৎসাসেবা সার্বক্ষণিক তদারকি করছে।

