রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৬২ জন, মামলা ৪৩টি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগ অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা হলো—রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে।
অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



