গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ছাত্রীর বাবা জয়দেবপুর থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (২৯)। অন্য আসামিরা হলেন তাঁর ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। অভিযোগ, আরিফুল তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর স্বজনেরা আরিফুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাঁদের ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, আরিফুল অন্য আসামিদের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তার বাবা থানায় মামলা করেন।
ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসায় যাওয়ার পর তাঁর মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, আরিফুল অন্যদের সহায়তায় মেয়েকে অপহরণ করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।




