ট্রাইব্যুনালে জিয়া মামলায় তদন্ত কর্মকর্তার জেরা, আলকাস মল্লিক নিয়ে আইনজীবীর দাবি অসত্য বললেন তদন্তকারী
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা নবম দিনের মতো চলছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরা করা হয়। এ মামলায় ১৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন রফিকুল।
এ মামলায় আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। জেরার সময় জিয়াউলের আইনজীবী সাহিদুর রহমান দাবি করেন, ভুক্তভোগী নিহত আলকাস মল্লিক একজন বনদস্যু ছিলেন। তাঁর দাবি, মাঝি আলকাস মল্লিকের ক্রসফায়ারের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
তবে আইনজীবীর এসব দাবি অসত্য বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
জেরার একপর্যায়ে র্যাবের বিভিন্ন অভিযান নিয়ে জানতে চান জিয়াউল আহসানের আইনজীবী সাহিদুর রহমান। জবাবে রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযানের আগে র্যাব-৮ এর কোন কোন সদস্য সাদা পোশাকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে গিয়ে সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ করতে বলতেন, তা তদন্তে আসেনি। যেসব ট্রলার নিয়ে অভিযান চালানো হতো, সেসবও শনাক্ত করতে পারিনি। কারণ সেসব ট্রলার এখন আর নেই।
মামলার ভুক্তভোগী নিহত আলকাস মল্লিককে নিয়ে প্রশ্নে তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে পাওয়া গেছে, র্যাবের এক সদস্য ফোন করে আলকাস মল্লিককে ডেকে নেন। তবে ওই র্যাব সদস্যের নাম-ঠিকানা জানতে পারেননি তিনি।
আলকাসের ফোন নম্বর না পাওয়ায় তাকে ফোন করে ডেকে নেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে টেলিফোন অফিসের শরণাপন্ন হননি তিনি। অন্য কোনো গোয়েন্দা সংস্থারও সহায়তা নেননি।
এ ছাড়া আলকাস মল্লিককে ডেকে নেওয়ার সময় ও তারিখে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা ডিউটি অফিসার কে ছিলেন, তা বলতে পারেননি তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে থানার সাধারণ ডায়েরি (জিডি) কে তদন্ত করেছেন, সেটিও তাঁর জানা নেই।
তদন্ত কর্মকর্তা আরও জানান, আলকাস মল্লিকের দুটি ট্রলার কী নামে সাগরে চলাচল করতো, তা তিনি তদন্তে জানতে পারেননি। তদন্তকালে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরেও যাননি তিনি।
এ সময় জিয়াউল আহসানের আইনজীবী দাবি করেন, আলকাস মল্লিককে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়নি। তিনি রাজু বাহিনীর সদস্য হিসেবে বনদস্যু ছিলেন। তাঁর ক্রসফায়ারের ঘটনার সঙ্গেও জিয়াউল আহসান জড়িত নন।
তদন্ত কর্মকর্তা জানান, র্যাব-৮ এর কোন কোন সদস্য ট্রলার ঠিক করে পাথরঘাটার চরদুয়ানি ঘাটে যেতেন, তা তদন্তে আসেনি। ১৩ নম্বর সাক্ষীর বর্ণনামতে, অভিযানের সময় ইন্টেলিজেন্স উইংয়ের যে চার সদস্য অংশ নিয়েছিলেন, তদন্তকালে তাঁদেরও শনাক্ত করতে পারেননি। এ ছাড়া তাঁর বর্ণিত অন্যান্য অভিযানে র্যাব-৮ এ সংযুক্ত ইন্টেলিজেন্স উইংয়ের কোন কোন সদস্য অংশ নিয়েছিলেন, তাঁদেরও শনাক্ত করা সম্ভব হয়নি।
