…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজন সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে মাদ্রাসায় আগুন লাগে। আগুনের ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী আজিজুল ইসলাম সিয়ামের শ্বাস-প্রশ্বাস মেশিনের সাহায্যে চালু রাখা হয়েছে। আগুনের ধোঁয়ায় তাঁর ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন সিয়ামের মা সোনিয়া আক্তার। তিনি জানান, গত রাত ৯টার দিকে নিজের হাতে ছেলের পছন্দের খাবার খাইয়ে এসেছিলেন তিনি। এরপর আর ছেলের সঙ্গে কথা হয়নি।

সোনিয়া আক্তার বলেন, "আমার চৌদ্দ বছরের একমাত্র ছেলে হাসপাতালের বিছানায় শুয়ে মেশিনের সাহায্যে শ্বাস নিচ্ছে। ... আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আমার মানিককে সুস্থ করে আবার আমার কোলে ফিরিয়ে দিন।"

সিয়ামের মা আইসিইউর সামনে বসে সন্তানের সুস্থতার আশায় অপেক্ষা করছেন। চিকিৎসকদের কাছ থেকে ছেলের শারীরিক অবস্থার খবর জানার অপেক্ষায় কাটছে তাঁর প্রতিটি মুহূর্ত। চিকিৎসকেরা তাঁকে সান্ত্বনা দিয়ে বলছেন, ছেলে লাইফ সাপোর্টে আছে, দোয়া করতে হবে।

একই ঘটনায় গুরুতর অসুস্থ আরও তিন শিক্ষার্থী খায়রুল (২২), ইউসুফ (১৭) ও জোবায়ের পাঠান (১৭) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ডা. পাপন বলেন, গুরুতর রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে; তাঁদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জালালুদ্দীন আহমদ বলেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের জীবন রক্ষায় সর্বোচ্চ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র
জাতীয়

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১ ছাত্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনকে জ…

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ই…

সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের দুই গুদাম ও বসতবাড়িতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ…