প্লুটোর ওপারে মিলল সম্ভাব্য বিশাল বামন গ্রহের সন্ধান, আকারে হতে পারে সবচেয়ে বড়গুলোর একটি

প্লুটোরও ওপারে একটি সম্ভাব্য বামন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যা নিশ্চিত হলে সৌরজগতের দূরবর্তী অঞ্চলে আবিষ্কৃত এ ধরনের সবচেয়ে বড় বস্তুগুলোর একটি হতে পারে। ২০২৬ ইডি১৩৮ নামে চিহ্নিত বস্তুটির আকার ৯৩০ মাইল পর্যন্ত চওড়া হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
২৭ অক্টোবর ঘোষণা করা এই আবিষ্কার এসেছে চিলির এক পাহাড়চূড়ায় অবস্থিত নতুন চালু ভেরা সি. রুবিন অবজারভেটরির পর্যবেক্ষণ থেকে। মানমন্দিরটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও জ্বালানি বিভাগের বিজ্ঞান কার্যালয়ের যৌথ অর্থায়নে পরিচালিত।
অবজারভেটরিটি ২০২৬ সালের জুনে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে আকাশের ১০ বছরব্যাপী জরিপ শুরু করেছে, যার লক্ষ্য আগে কখনও দেখা যায়নি এমন বস্তু খুঁজে বের করা।
গবেষকেরা বস্তুটিকে ২০২৬ ইডি১৩৮ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের হিসাব অনুযায়ী, এর ব্যাস ৩৭০ থেকে ৯৩০ মাইলের মধ্যে হতে পারে। মানমন্দির এক বিবৃতিতে বলেছে, ‘নিশ্চিত হলে ইডি১৩৮ সৌরজগতের এই অঞ্চলে আবিষ্কৃত সবচেয়ে বড় বামন গ্রহগুলোর একটি হবে।’
গত ১৩ অক্টোবর জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু হোলম্যান চলতি বছরের শুরুতে সংগৃহীত টেলিস্কোপের তথ্য ঘেঁটে বস্তুটি শনাক্ত করেন। এ জন্য তিনি সহকর্মী কেভিন নেপিয়ারের সঙ্গে মিলে তৈরি করা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করেছিলেন।
মানমন্দিরের ভাষ্যে, এই পদ্ধতিতে ইডি১৩৮ খুঁজে পাওয়ার পর হোলম্যান সঙ্গে সঙ্গে লক্ষ করেন, বস্তুটির উজ্জ্বলতা ও দূরত্ব ইঙ্গিত দিচ্ছে এটি অস্বাভাবিকভাবে বড়। হোলম্যান তার প্রতিক্রিয়াকে ‘উত্তেজিত অবিশ্বাস’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের বস্তু খুবই বিরল, তাই আমি সঙ্গে সঙ্গে যাচাই শুরু করি, আমি নিজে নাকি কোড—কে ভুলটা করেছে।’
ইডি১৩৮ বর্তমানে সূর্য থেকে প্রায় ৪৩০ কোটি মাইল দূরে রয়েছে। তুলনায় প্লুটো সূর্যকে গড়ে প্রায় ৩৭০ কোটি মাইল দূরত্বে প্রদক্ষিণ করে। অর্থাৎ নতুন বস্তুটি প্লুটোর চেয়েও দূরে অবস্থান করছে।
বিজ্ঞানীরা ইডি১৩৮কে ‘ট্রান্স-নেপচুনিয়ান’ বস্তু হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন, অর্থাৎ এটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুনের কক্ষপথের ওপারে সূর্যকে প্রদক্ষিণ করে।
বস্তুটি এত দিন আবিষ্কৃত হয়নি কেন—এই প্রশ্নে কর্মকর্তারা বলেন, এটি মিল্কিওয়ের কাছাকাছি আকাশের একটি ভিড়পূর্ণ অঞ্চলে লুকিয়ে ছিল, যেখানে লক্ষ লক্ষ তারার কারণে আগের টেলিস্কোপগুলোর পক্ষে এটি শনাক্ত করা কঠিন ছিল। মানমন্দিরের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গোলার্ধের পুরো আকাশের নিয়মিত ও ধারাবাহিক পর্যবেক্ষণ এবং লক্ষ-কোটি আলোকবিন্দু ছেঁকে ছোট চলমান বস্তু শনাক্তকারী শক্তিশালী অ্যালগরিদমের কারণেই দলটি এই ভিড়ের মধ্যে ইডি১৩৮কে খুঁজে পেয়েছে।
সামনে বিজ্ঞানীরা ইডি১৩৮র আরও পর্যবেক্ষণ চালিয়ে এর সঠিক আকার এবং এটি সত্যিই বামন গ্রহের মর্যাদা পায় কি না, তা নিশ্চিত হতে চান। হোলম্যান বলেন, ‘বামন গ্রহ হিসেবে নিশ্চিত হলে ইডি১৩৮ যোগ দেবে খুব ছোট একটি গ্রহপরিবারে। রুবিন আগামী ১০ বছর ধরে পুরো দক্ষিণ আকাশ বারবার ছবি তুলবে, তাই আগের জরিপগুলো যেসব জায়গা এড়িয়ে গেছে, সেখানে লুকিয়ে থাকা আর যা-ই থাকুক, এখন তা নাগালের মধ্যে।’
বামন গ্রহ হলো এমন মহাজাগতিক বস্তু, যা সূর্যকে প্রদক্ষিণ করে এবং প্রায় গোলাকার হওয়ার মতো বড়; তবে পূর্ণাঙ্গ গ্রহের তুলনায় এটি নিজের কক্ষপথের অঞ্চল অন্য বস্তু থেকে মহাকর্ষীয়ভাবে পরিষ্কার করতে পারেনি, বরং সেই অঞ্চল অন্য বস্তুর সঙ্গে ভাগ করে নেয়। প্লুটো ১৯৩০ সালে আবিষ্কারের পর সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হলেও ২০০৬ সালে তাকে বামন গ্রহ হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করা হয়।




