স্ত্রী-সন্তানের নামে ফ্ল্যাট-প্লট কিনলে রিটার্নে যেভাবে দেখাতে হবে
নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য অনেকে স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন। কেউ আবার নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।
এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে, যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক, আর অর্থটি উপহার, ঋণ নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে। এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব ও কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।
আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে ষষ্ঠ তফসিলের ৩৫ নম্বর দফায় নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সম্পদকে মোট আয় থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
এই সুবিধার আওতায় রয়েছেন স্বামী-স্ত্রী, মা-বাবা, সন্তান এবং আপন ভাইবোন। তবে শর্ত হলো, দাতা ও গ্রহীতা—উভয়ের আয়কর রিটার্নে উপহারের তথ্য দেখাতে হবে।
উদাহরণ হিসেবে ধরা যাক, একজন বাবা তাঁর মেয়েকে এক কোটি টাকার একটি ফ্ল্যাট উপহার দিলেন, আর অর্থটি এসেছে বাবার বৈধ ও ঘোষিত আয়ের উৎস থেকে। সে ক্ষেত্রে বাবা তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাবেন, আর মেয়ে নিজের রিটার্নে উপহার পাওয়া সম্পদ ও সম্পদের পরিমাণ বৃদ্ধির তথ্য উল্লেখ করবেন। আইনের শর্ত পূরণ হলে মেয়ের পাওয়া এই উপহার আয়করমুক্ত হতে পারে।
তবে আয়করমুক্ত হওয়া আর দানকরমুক্ত হওয়া এক বিষয় নয়; দুটি করের বিধান আলাদাভাবে বিবেচনা করতে হয়। দানকর আইন ১৯৯০ অনুযায়ী, স্বেচ্ছায় ও কোনো প্রতিদান ছাড়া নগদ অর্থ, জমি, বাড়ি বা ফ্ল্যাট উপহার দিলে তা দান হিসেবে বিবেচিত হতে পারে।
দানকর আইনের ৪ ধারায় নির্দিষ্ট আত্মীয়দের উপহার দেওয়ার ক্ষেত্রে দানকর অব্যাহতি রয়েছে। তাঁরা হলেন ছেলে-মেয়ে, বাবা-মা, স্বামী-স্ত্রী ও আপন ভাইবোন। অর্থাৎ বাবা মেয়েকে জমি বা ফ্ল্যাট উপহার দিলে দানকর দিতে হবে না। তবে দাদা-নাতি, নানা-নাতনি, চাচা-ভাতিজা কিংবা মামা-ভাগনের মধ্যে উপহার শুধু পারিবারিক সম্পর্কের কারণে স্বয়ংক্রিয়ভাবে দানকরমুক্ত নয়।
জমি বা ফ্ল্যাট উপহার দেওয়া হলে সম্পত্তির মূল্য নির্ধারণে দানকর আইনের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে দানের তারিখে সম্পত্তিটির সম্ভাব্য বাজারমূল্য বিবেচনায় নেওয়া হবে; দলিলে কম মূল্য উল্লেখ করলেই কর নির্ধারণে সেই মূল্য গ্রহণ করা হবে, এমন নয়। করযোগ্য উপহার দিলে পরবর্তী কর বছরের ১৫ সেপ্টেম্বরের আগে দানকর রিটার্ন জমা দিতে হয়।
অনেকে ফ্ল্যাট বা প্লট কেনার জন্য পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছ থেকে ঋণ নেন; এ ধরনের ঋণ নেওয়া বেআইনি নয়। আয়কর আইন ২০২৩-এর ৬৭ ধারার ১৩ উপধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঁচ লাখ টাকার বেশি ঋণ, অগ্রিম বা আমানত গ্রহণ করলে তা নির্দিষ্ট শর্তে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে আইনে নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে লেনদেনের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ রয়েছে, আর ঋণদাতা ও ঋণগ্রহীতা—উভয়ের রিটার্নে লেনদেনের তথ্য দেখানো গুরুত্বপূর্ণ।
পরিবারের সদস্যের কাছ থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ, শর্ত, পরিশোধের সময়সীমা এবং অর্থ লেনদেনের প্রমাণ সংরক্ষণ করা উচিত। পরে ঋণ মওকুফ করা হলে সেটি উপহার হিসেবে বিবেচিত হতে পারে; সে ক্ষেত্রে উপহারসংক্রান্ত করের বিধানও বিবেচনায় নিতে হবে।
আয়কর আইনে ব্যাখ্যাহীন ব্যাংক জমা কিংবা ঘোষিত আয় ও ব্যয়ের সঙ্গে সম্পদের পরিমাণ বৃদ্ধির অসংগতি থাকলে তা ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে। তাই ভবিষ্যতে জটিলতা এড়াতে অর্থের উৎসের প্রমাণ, উপহারের দলিল, ঋণের চুক্তিপত্র, অর্থ দেওয়া-নেওয়ার ব্যাংক বিবরণী বা লেনদেনের রসিদ এবং দাতা ও গ্রহীতা—উভয়ের রিটার্নে প্রাসঙ্গিক তথ্যের সামঞ্জস্য রাখা জরুরি।




