চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার ছাড়াল, শীর্ষে সৌদি আরব
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের এই হিসাব দেওয়া হয়েছে।
এই চার মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলারে।
সেপ্টেম্বরে প্রবাসী আয় কিছুটা কমে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারে নামে। অক্টোবরে তা আবার বেড়ে দাঁড়ায় ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারে।
দেশভিত্তিক হিসাবে সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে। জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাজ্য থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ১৬১ কোটি ৬৬ লাখ ডলার।
তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
শীর্ষ ১০ দেশের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার এবং ইতালি থেকে এসেছে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার।
তালিকার বাকি দেশগুলোর মধ্যে কুয়েত থেকে এসেছে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম চার মাসে প্রবাসী আয়ের বড় অংশ এসেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে। সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


