…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি, মূলধন অনুপাত ঋণাত্মক: নলেজ হাবের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি, মূলধন অনুপাত ঋণাত্মক: নলেজ হাবের প্রতিবেদন
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি হয়ে পড়েছে। নলেজ হাব ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে।

প্রতিষ্ঠানটির ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার রাজধানীর শ্যামলীতে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গবেষণার তথ্য তুলে ধরেন নলেজ হাবের রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারেনি ব্যাংকগুলো। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও ব্যাংকগুলোর নেই; পুরো ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত নেমে গেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে।

এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ আটকে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণে পরিণত হয়েছে। বিশেষ করে মন্দ ঋণ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাঁর মূল্যায়নে, খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই আদায়ের অনিশ্চয়তায় রয়েছে।

শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশের কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’

ব্যাংকের ধরনভেদে খেলাপি ঋণের চিত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এই হার ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলো; এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ। একই সময়ে এ ধরনের ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ এবং ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহে স্থবিরতা কাটছে না। গত আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ, অথচ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে। ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ অবস্থায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে আরও বলা হয়, গত আগস্টে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে বিপুল তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটেনি।

এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ঋণের মান যাচাইয়ে স্বাধীন পর্যালোচনা এবং ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে নলেজ হাব। প্রতিষ্ঠানটি বলেছে, ডিসেম্বরের মধ্যে ঋণ পর্যালোচনা শেষ করে ২০২৭ সালের মার্চের মধ্যে মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার ছাড়াল, শীর্ষে সৌদি আরব

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের প…

স্ত্রী-সন্তানের নামে ফ্ল্যাট-প্লট কিনলে রিটার্নে যেভাবে দেখাতে হবে
অর্থনীতি ও ব্যবসা

স্ত্রী-সন্তানের নামে ফ্ল্যাট-প্লট কিনলে রিটার্নে যেভাবে দেখাতে হবে

নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে…

ডেভিড জোনসের পতনের পর প্রশ্নের মুখে মায়ার: ছাড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট স্টোর
অর্থনীতি ও ব্যবসা

ডেভিড জোনসের পতনের পর প্রশ্নের মুখে মায়ার: ছাড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট স্টোর

অস্ট্রেলিয়ার অভিজাত ডিপার্টমেন্ট স্টোর ডেভিড জোনস ঋণের চাপে অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়ায় চলে যাওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্…

চাঁদপুরের হাইমচরে গড়ে উঠেছে শতকোটি টাকার সুপারি-বাণিজ্য, যুক্ত কয়েক হাজার মানুষ
অর্থনীতি ও ব্যবসা

চাঁদপুরের হাইমচরে গড়ে উঠেছে শতকোটি টাকার সুপারি-বাণিজ্য, যুক্ত কয়েক হাজার মানুষ

বাড়ির আঙিনা থেকে বাণিজ্যিক আড়ত—সবখানেই অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সুপারি। চাঁদপুরের হাইমচর উপজেলায় এই কৃষিপণ্য ঘিরে গড়ে উঠেছে শতকোটি টাকার ব…