…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দাবি আর অপেক্ষার পর অবশেষে পাবনাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

এদিন বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চলাচলবিষয়ক বাংলাদেশ রেলওয়ের এই প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

'পাবনা প্রভাতী এক্সপ্রেস' ও 'পাবনা এক্সপ্রেস' নামে ট্রেন দুটি চলাচল করবে। উদ্বোধনের পরই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, 'পাবনা গোধূলি এক্সপ্রেস' প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। পথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

পাবনার সঙ্গে রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়।

কিন্তু দীর্ঘ সময় ধরে পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকা যাতায়াতে জেলার মানুষকে বাস কিংবা অন্য রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান আখতার বলেন, পাবনার রেল যোগাযোগের ইতিহাস শত বছরের বেশি হলেও জেলা সদরের মানুষ এত দিন সরাসরি আন্তনগর ট্রেন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও প্রত্যাশিত একটি অর্জন।

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, 'এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে। পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি নিয়ে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছি। ইনশা আল্লাহ, সেটি এখন চালুর অপেক্ষা মাত্র। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। আশা করছি সবার সহযোগিতায় পাবনা ভবিষ্যতে উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।'

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা
জাতীয়

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গ…