হোয়াইট হাউসের কাছে চুরি যাওয়া গাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার, ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ

হোয়াইট হাউসের কাছে একটি চুরি যাওয়া গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় এক ব্যক্তিকে একাধিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রনি গুয়ানিপা-চিরিনোস। তিনি ভেনেজুয়েলার নাগরিক। ফৌজদারি অভিযোগপত্র ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, তাঁকে হোয়াইট হাউস কমপ্লেক্সের কাছে একটি চুরি যাওয়া গাড়িতে বসে থাকা অবস্থায় পাওয়া যায়।
ডিসি সুপিরিয়র কোর্টে দায়ের করা অভিযোগপত্রের হলফনামা অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে টহলরত এক সিক্রেট সার্ভিস কর্মকর্তা হোয়াইট হাউস কমপ্লেক্সের কাছে কনস্টিটিউশন অ্যাভিনিউতে পার্ক করা গাড়িটি দেখতে পান।
কর্মকর্তা নীল রঙের ফোর্ড এফ-১৫০ গাড়ির জানালায় টোকা দিয়ে জানতে চান, তিনি ঠিক আছেন কি না এবং তাঁর কাছে কোনো অস্ত্র আছে কি না। হলফনামা অনুযায়ী, গুয়ানিপা-চিরিনোস মাথা নেড়ে হ্যাঁ জানান এবং আঙুল দিয়ে বন্দুকের ইশারা করেন।
গাড়ি থেকে বের হয়ে তিনি তদন্তকারীদের গুগল ট্রান্সলেটের মাধ্যমে বলেন, ‘আমার কাছে বন্দুক আছে, কারণ ওরা এই বন্দুক দিয়েই আমাকে হত্যা করতে চেয়েছিল, আর আমাকে সেটা ওদের কাছ থেকে কেড়ে নিতে হয়েছে; এটা বাদামি ব্যাগের ভেতরে আছে।’
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, গুয়ানিপা-চিরিনোস কর্মকর্তাদের বলেন, তিনি মাথার ভেতরে কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন, যা তাঁকে ওয়াশিংটন ডিসিতে এসে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে বলছিল। তবে হলফনামায় এই মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
হলফনামা অনুযায়ী, তদন্তকারীরা গাড়িটিতে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক ৪৩এক্স পিস্তল ও একটি এআর-১৫ রাইফেল পান। সেখানে ‘কয়েক ডজন রাউন্ড গোলাবারুদ’ও ছিল বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
হলফনামা অনুযায়ী, গাড়িটি চুরি যাওয়া বলে অভিযোগ করা হয়েছিল।
গুয়ানিপা-চিরিনোসের বিরুদ্ধে গাড়ির অননুমোদিত ব্যবহার, চুরি যাওয়া সম্পত্তি গ্রহণ, লাইসেন্স ছাড়া পিস্তল বহন, লাইসেন্স ছাড়া রাইফেল বহনসহ আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আরও অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার তিনি ডিসি সুপিরিয়র কোর্টে প্রথমবার হাজির হন। অনলাইন আদালতের নথি অনুযায়ী, তিনি জামিন ছাড়াই আটক রয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, গুয়ানিপা-চিরিনোসের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজপত্র নেই। তিনি ২০২৪ সালে টেক্সাস দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।



