…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ডেটা সেন্টর নিয়ে বিতর্ক: সাত শহরে নির্মাণে স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চল হওয়া সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্তত সাতটি শহর ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশ (মোরাটোরিয়াম) দিয়েছে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় বড় জায়গা করে নিয়েছে।

গত মাসে ওকল্যান্ড সিটি হলের বাইরে কার্ডবোর্ডের রোবট সেজে বিক্ষোভকারীরা ঢোলের তালে নেচে ও স্লোগান দিয়ে নতুন ডেটা সেন্টারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের মূল উদ্বেগ ছিল, বিপুল ডিজিটাল তথ্য প্রক্রিয়াজাত করা এই কেন্দ্রগুলো বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ ফেলতে পারে।

বিক্ষোভকারীদের যুক্তি, এর ফল হবে শুধু পরিবেশগত ক্ষতি নয়, স্থানীয় পরিবারগুলোর জন্য আকাশছোঁয়া বিদ্যুৎ বিলও। পরিবেশগত ন্যায়বিচার সংগঠন কমিউনিটিজ ফর আ বেটার এনভায়রনমেন্টের কর্মী কার্লোস গুতিয়েরেজ বলেন, ওকল্যান্ডে বিদ্যুতের দাম এত বেড়েছে যে কেউ কেউ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন, অথচ শহর কর্তৃপক্ষ একটি ডেটা সেন্টারকে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রজুড়েই ডেটা সেন্টারের বিরোধিতা বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যে তিন হাজারের বেশি ডেটা সেন্টার চালু আছে এবং আরও দেড় হাজারের বেশি নির্মাণাধীন। কিন্তু প্রতিক্রিয়াটা সবচেয়ে চোখে পড়ার মতো বে এরিয়াতেই, যাকে এআই-বিপ্লবের হৃৎপিণ্ড মনে করা হয়।

অ্যানথ্রপিক, ওপেনএআই ও মেটার মতো বড় এআই কোম্পানিগুলো বে এরিয়াভিত্তিক, আর এই খাতের প্রবৃদ্ধিকেই স্থানীয় অর্থনৈতিক পুনরুজ্জীবনের কৃতিত্ব দেওয়া হয়। ডেটা সেন্টারগুলোতে থাকে অ্যানথ্রপিকের ক্লড ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো এআই সেবা চালানোর জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপ ও সার্ভার।

কিন্তু এসব কেন্দ্রের জন্য চাই চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ এবং প্রসেসর ঠান্ডা রাখতে প্রচুর পানি। শীতলীকরণ প্রযুক্তি থাকা সত্ত্বেও ডেটা সেন্টার তাপ নির্গমনের জন্য কুখ্যাত — এতে ভূমির পৃষ্ঠের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস (১৬ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে যেতে পারে।

ভোটের আগের শেষ দুই মাসে সান ফ্রান্সিসকো ও রিচমন্ডসহ বে এরিয়ার অন্তত সাতটি শহর ডেটা সেন্টার নির্মাণে অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে। এর মধ্যে ওকল্যান্ড কয়েক দিনের বিক্ষোভের পর ৬ অক্টোবর স্থগিতাদেশ পাস করে।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্থানীয় রাজনীতিকরাও বিষয়টিকে ভোটার টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বে এরিয়ার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি হলো দীর্ঘদিনের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির ছেড়ে যাওয়া আসন; প্রতিনিধি পরিষদে ৩৯ বছর থাকার পর তিনি বছরের শেষে অবসরে যাচ্ছেন।

সেই আসনে কংগ্রেসে যেতে মঙ্গলবারের নির্বাচনে লড়ছেন দুই ডেমোক্র্যাট — সান ফ্রান্সিসকোর সুপারভাইজার কনি চ্যান এবং রাজ্য সিনেটর স্কট উইনার। ডেটা সেন্টার নিয়ে দুজনের অবস্থান আলাদা: উইনার কোনো নিষেধাজ্ঞার বিপক্ষে; তিনি মিশন লোকালকে বলেন, ডেটা সেন্টারের ওপর সর্বাত্মক স্থগিতাদেশ এআই নিয়ন্ত্রণকে দুর্বল করে দিতে পারে।

অন্যদিকে চ্যান দায়িত্বশীল এআই নিয়ন্ত্রণকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত দেশজুড়ে ডেটা সেন্টারে স্থগিতাদেশ চাওয়ার অঙ্গীকার করেছেন। অক্টোবরে এক বিতর্কে তিনি বলেন, ডেটা সেন্টারে স্থগিতাদেশ দিয়ে শুরু করা যাক, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের সুযোগ পাওয়া যায়। অক্টোবরের শুরুতে সান ফ্রান্সিসকোর স্থগিতাদেশ পাসে চ্যান নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিলেন। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক জরিপে অক্টোবরের মাঝামাঝি উইনার ৪৭ শতাংশ সমর্থন নিয়ে চ্যানের (৪১ শতাংশ) চেয়ে এগিয়ে ছিলেন।

সান ফ্রান্সিসকোভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক শুম প্রেস্টন বলেন, এই মুহূর্তে ডেটা সেন্টার বিরোধিতা এমন একটি ইস্যু, যা অন্য যেকোনো বিষয়ের চেয়ে বেশি মার্কিন জনগণকে এক করে। অক্টোবরে সিএনবিসির এক জরিপে দেখা গেছে, নিবন্ধিত মার্কিন ভোটারদের ৬৩ শতাংশ নিজেদের বাড়ির ১৬ কিলোমিটার (১০ মাইল) এলাকার মধ্যে ডেটা সেন্টার নির্মাণের বিরোধী।

স্থগিতাদেশগুলোর সামনে বড় বাধা ডেটা সেন্টার নির্মাণ ঘিরে স্বচ্ছতার অভাব। সান ফ্রান্সিসকোর স্থগিতাদেশ অধ্যাদেশের প্রস্তাবক সুপারভাইজার শামান ওয়ালটন বলেন, শহরের পরিকল্পনা বিধিতে ‘ডেটা সেন্টার’-এর সংজ্ঞা পুরোনো — ২০০১ সালে, এআই-উত্থানের অনেক আগে তৈরি সেই বিধিতে এগুলোকে বলা হয়েছে ‘ইন্টারনেট সার্ভিস এক্সচেঞ্জ’, যা আজকের প্রযুক্তিকে সঠিকভাবে বর্ণনা নাও করতে পারে। ১৪ সেপ্টেম্বরের এক বিবৃতিতে তিনি বলেন, ২০০১ সালের নিয়ম দিয়ে ২০২৬ সালের প্রযুক্তি নিয়ন্ত্রণ করা যায় না।

সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটির জ্যেষ্ঠ আইনজীবী রজার লিন বলেন, ৪৫ দিন পরিবেশগত প্রভাব নথিভুক্ত ও অধ্যয়ন করে বিধি তৈরির জন্য মোটেই যথেষ্ট সময় নয়। সান ফ্রান্সিসকো, ব্রিসবেন ও ওকল্যান্ডের মতো শহরগুলো ৪৫ দিনের জন্য নির্মাণ থামিয়েছে, পরে তা বাড়ানোর সুযোগ আছে। লিন আরও বলেন, ডেটা সেন্টারগুলোর গোপনীয়তা চুক্তির কারণে স্থানীয় বায়ুমান বোর্ডগুলোও অনেক সময় বায়ুর মানের ওপর এসব কেন্দ্রের প্রভাব জানতে পারে না।

এদিকে এআই খাতের সমর্থকরা ডেটা সেন্টারের প্রবৃদ্ধিকে সমৃদ্ধিশালী শিল্পের প্রমাণ হিসেবে তুলে ধরেন। অ্যানথ্রপিক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রস্তুতি নিচ্ছে, যা থেকে কয়েক বিলিয়ন ডলার উঠতে পারে। তবে সমালোচকদের আশঙ্কা, কোম্পানিটির প্রবৃদ্ধি পুরো বে এরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ নাও নিতে পারে; বরং বাসিন্দারা বৈষম্যমূলক প্রবৃদ্ধির আশঙ্কা করছেন, যা মূলত ধনীদেরই উপকারে আসবে। সান ফ্রান্সিসকো সিটি হলের এক শুনানিতে এক বাসিন্দা সুপারভাইজারদের উদ্দেশে বলেন, এই শহরটা মানুষের জন্য কম, রোবট আর বিলিয়নিয়ারদের জন্য বেশি হয়ে যাচ্ছে।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

হার্ভার্ডে ভর্তির মিথ্যা প্রতিশ্রুতিতে প্রতারণা, ইসলামাবাদে পদার্থবিজ্ঞানের স্বর্ণপদকজয়ী তরুণীর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১০ এলাকার রানা মালিক সেন্টার নামের একটি দুগ্ধপণ্যের দোকানের ওপরের ফ্ল্যাটে তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়ে থাক…

মধ্যবর্তী নির্বাচনে ভোট আজ: জরিপে ডেমোক্র্যাটদের বড় জয়ের আভাস, ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ভোট আজ: জরিপে ডেমোক্র্যাটদের বড় জয়ের আভাস, ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা। পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু: কোন রাজ্যে কখন খুলল, কখন বন্ধ হবে কেন্দ্র

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার কংগ্রেসে তাঁদের প্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে য…

আমেরিকা

টেক্সাসে আসন পুনর্বিন্যাসের পরীক্ষা মধ্যবর্তী নির্বাচনে: হিউস্টনে বদলে গেল কৃষ্ণাঙ্গ ভোটারদের আসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে টেক্সাসের হিউস্টনের সানিসাইড এলাকায় মাউন্ট হেবরন মিশনারি ব্যাপটিস্ট চার্চের রোববারের প্রার্থনা …