মনিরামপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা ও দুই বছরের ছেলের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌসুমী খাতুনের স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)। তাঁদের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামের মানিকগঞ্জে বলে জানা গেছে।
স্বজনদের বরাতে স্থানীয় পশুচিকিৎসক বিল্লাহ হোসেন জানান, বিকেলে ছেলেকে চিকিৎসক দেখিয়ে ফারুক হোসেন স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মৌসুমী খাতুন।
বিল্লাহ হোসেন বলেন, গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে ওঠার সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারুক হোসেন, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয় চন্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ বলেন, তিনি মাগরিবের নামাজ পড়ে রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাচ্ছিলেন। তাদের বহনকারী বাইক দোঁদাড়িয়া মোড় পার হয়ে সামনে যেতেই তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত স্বামী-স্ত্রী ও তাঁদের কোলের ছেলেকে দেখতে পান।
আব্দুল আজিজ বলেন, তাঁরা আহতদের উদ্ধার করে নিজেদের ইজিবাইকে করে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে পৌঁছে দেন। সেখানে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর খবর তাঁদের জানা নেই।


