যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মা ও চার বছরের ছেলে নিহত, বাবা হাসপাতালে
যশোরের মণিরামপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মা ও তাঁর চার বছরের ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে গেছেন চালক।
রোববার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের মৌসুমী (৩২) ও তাঁর চার বছরের ছেলে আবদুর রহমান। আহত বাবার নাম ওমর ফারুক; তিনি যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে ওমর ফারুক স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে দোঁদাড়িয়া মোড়ে পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় এবং ওমর ফারুক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।


