সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম

সন্তানেরা নানা ধরনের মানসিক চাপ বা দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়। অনেক সময় অভিভাবক হিসেবে বাবা-মায়ের কাছেও সবকিছুর উত্তর থাকে না। সে ক্ষেত্রে করণীয় কী — এ বিষয়ে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
প্রথম আলো ট্রাস্টের আয়োজনে বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের আওতায় গত ২৯ অক্টোবর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ দেন ডা. রাহেনুল ইসলাম। এবারের বিষয় ছিল — 'অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা'।
ওই আলোচনায় অভিভাবকদের একটি প্রশ্ন ছিল — সন্তানেরা নানা মানসিক চাপের মধ্য দিয়ে যায়, অভিভাবক হিসেবে তাঁরাও সবকিছুর উত্তর জানেন না, সে ক্ষেত্রে করণীয় কী?
এ বিষয়ে ডা. রাহেনুল ইসলাম বলেন, তিনি একজন সাইকোথেরাপিস্ট হলেও পৃথিবীতে প্রকাশিত সমস্ত আর্টিকেল পড়ে ফেলেছেন — এমন দাবি করতে পারবেন না। একজন কিশোর যখন কোনো কঠিন প্রশ্ন করে, তখন সব প্রশ্নের উত্তর তিনি না-ও জানতে পারেন।
তাঁর পরামর্শ, না জানার কারণে সন্তানকে ধমক দেওয়া বা কোনো গোজামিল দিয়ে এড়িয়ে যাওয়া একদমই গ্রহণযোগ্য নয়। বরং সততার সঙ্গে সাহসের সঙ্গে স্বীকার করা উচিত — 'আমি এটা জানি না, তবে আমি এটা জেনে নেব।'
ডা. রাহেনুল ইসলামের ভাষায়, এই স্বীকৃতিটুকু থাকা খুব জরুরি।



