বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন আর ধোঁয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী রিশাদ খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে আতঙ্ক দেখা দেয় এবং রোগী ও স্বজনেরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
রহিম উদ্দিন নামে রোগীর এক স্বজন বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি করতে থাকে। যে যেভাবে পেরেছে, দ্রুত নেমে গেছে।
পরে হাসপাতালের স্টাফ ও আশপাশের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী রিশাদ খানের ধারণা, সিগারেটের আগুনে এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। বরিশাল ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শহিদুল ইসলাম জানান, ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



