…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী, গবেষণায় মিলল দীর্ঘস্থায়ী সংক্রমণের প্রথম প্রমাণ

নিজস্ব প্রতিবেদক
মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী, গবেষণায় মিলল দীর্ঘস্থায়ী সংক্রমণের প্রথম প্রমাণ
ছবি: সংগৃহীত

বাড়ির পোষা কুকুর বা বিড়াল কেবল শখের সঙ্গী নয়, পরিবারেরই অংশ। কিন্তু এদের সুস্থতার সঙ্গে মালিক ও তার পরিবারের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগপ্রবণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্যে সামান্য অবহেলাও বড় বিপদ ডেকে আনতে পারে। পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতার দিকে অনেকেই নজর দিলেও মশার কামড়ে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে এমন পরজীবী সংক্রমণ নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই নীরব ঘাতকদের মধ্যে অন্যতম হলো ডাইরোফিলারিয়া গণভুক্ত পরজীবী।

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। ‘নট আ ডেড-এন্ড হোস্ট: ফার্স্ট কনফার্মড পারসিস্টেন্ট মাইক্রোফাইলেরেমিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রেপেন্স ইনফেকশন’ শিরোনামের গবেষণাটিতে ক্রোয়েশিয়ার ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে ডাইরোফিলারিয়া রেপেন্স পরজীবীর দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রমাণ মিলেছে।

গবেষণার সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, টানা প্রায় চার মাস ধরে ওই নারীর রক্তে একাধিকবার পরজীবীটির লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া শনাক্ত হয়েছে। এর আগে মানুষের রক্তে এই পরজীবীর এত দীর্ঘস্থায়ী উপস্থিতির নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। চিকিৎসাবিজ্ঞানে এত দিন ধারণা করা হতো, মানুষের শরীর এই পরজীবীর বংশবিস্তারের জন্য অনুপযুক্ত বা ‘ডেড-এন্ড হোস্ট’। নতুন এই গবেষণা সেই প্রচলিত ধারণাকেই বদলে দিয়েছে।

ডাইরোফিলারিয়া রেপেন্স একধরনের সুতার মতো সরু ফাইলেরিয়াল পরজীবী, যা মূলত কুকুরের শরীরে বাসা বাঁধে। মশা যখন কোনো সংক্রমিত কুকুরের রক্ত পান করে, তখন রক্তের সঙ্গে পরজীবীটির ক্ষুদ্র লার্ভা মশার দেহে ঢুকে পড়ে। পরে সেই মশা অন্য কোনো প্রাণী বা মানুষকে কামড়ালে লার্ভাগুলো নতুন দেহে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। অর্থাৎ এখানে মশাই রোগ ছড়ানোর বাহক।

কুকুর এই পরজীবীর প্রধান আশ্রয়দাতা। আক্রান্ত কুকুরের শরীরে অনেক সময় বাইরে থেকে কোনো লক্ষণই বোঝা যায় না। আবার কিছু ক্ষেত্রে ত্বকের নিচে ছোট গুটি, চোখের চারপাশে পরজীবীর অবস্থান কিংবা ত্বকে প্রদাহ দেখা দিতে পারে। মানুষের শরীরে এটি সংক্রমিত হলে ত্বকের নিচে গুটি তৈরি হয়। অনেক সময় চোখের পাতলা আবরণ বা কনজাংটিভার নিচেও এই পরজীবী চলে আসে। এতে তীব্র চুলকানি, লালচে দাগ বা চোখে অস্বস্তি তৈরি হয়।

ক্রোয়েশিয়ার ওই নারীর ক্ষেত্রে প্রথমে হাতের ওপরের অংশে ত্বকের নিচে একটি গুটি দেখা গিয়েছিল। অস্ত্রোপচার করে সেটি ফেলে দেওয়ার পরও তাঁর শরীর থেকে উপসর্গ পুরোপুরি যায়নি। রক্ত পরীক্ষায় শ্বেতকণিকার একটি ধরন ইওসিনোফিলের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বারবার মাইক্রোফাইলেরিয়া ধরা পড়ে। পরে ডিএনএ বা আণবিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি ডাইরোফিলারিয়া রেপেন্স সংক্রমণ।

তবে স্বস্তির বিষয় হলো, এই রোগ সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায় না; সংক্রমণের জন্য মশার কামড়ই মূল মাধ্যম, অনেকটা ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো।

বাংলাদেশে ডাইরোফিলারিয়া রেপেন্সের বিস্তার নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। তবে একই গণের আরেকটি পরজীবী ডাইরোফিলারিয়া ইমিটিস বা হার্টওয়ার্মের উপস্থিতি দেশে আগেই শনাক্ত হয়েছে। ডাইরোফিলারিয়া ইমিটিস সাধারণত কুকুর বা বিড়ালের হৃৎপিণ্ড ও ফুসফুসের ধমনিতে বাস করে বলে একে হার্টওয়ার্ম বলা হয়। দুটি পরজীবী একই গণের হলেও এদের রোগ সৃষ্টির ধরন আলাদা।

‘রিসার্চ ইন অ্যাগ্রিকালচার, লাইভস্টক অ্যান্ড ফিশারিজ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ময়মনসিংহ পৌর এলাকার কুকুর, শিয়াল ও বিড়ালের শরীরে হার্টওয়ার্মের সংক্রমণ খতিয়ে দেখা হয়। এতে দেখা যায়, পরীক্ষিত কুকুরের ৫৬ শতাংশ এবং শিয়ালের ৭১ দশমিক ৪ শতাংশই এই পরজীবীতে আক্রান্ত। এমনকি মশার দেহেও পরজীবীটির উপস্থিতি মিলেছিল, যদিও পরীক্ষিত বিড়ালগুলো সংক্রমণমুক্ত ছিল।

একই বছর প্রকাশিত আরেক গবেষণায় ময়মনসিংহের ৩০টি বেওয়ারিশ কুকুরের অর্ধেকের শরীরে হার্টওয়ার্মের প্রমাণ মেলে। এর আগে ২০১৩ সালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কুকুরের হৃৎপিণ্ডে এই পরজীবী পাওয়ার তথ্য আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। এসব তথ্য সরাসরি ডাইরোফিলারিয়া রেপেন্সের প্রমাণ না হলেও একটি বড় সতর্কসংকেত দেয়—বাংলাদেশের পরিবেশ ও মশা এই গণের পরজীবী ছড়ানোর জন্য অত্যন্ত অনুকূল।

বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো শহরগুলোতে এখন ঘরে কুকুর-বিড়াল পালার প্রবণতা বেড়েছে। এসব প্রাণী ছাদে, বারান্দায় বা হাঁটতে বাইরে বেরোলেই মশার কামড়ের শিকার হয়। তাই শুধু ঘরে রাখা বা নিয়মিত গোসল করালেই এরা শতভাগ নিরাপদ থাকে না।

প্রতিরোধের প্রথম কাজ হলো পোষা প্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। বাইরে থেকে প্রাণীটিকে সুস্থ ও চনমনে দেখালেও ভেতরে পরজীবী লুকিয়ে থাকতে পারে। প্রাণীর বয়স, আবাসস্থল ও বাইরে চলাফেরার ধরন বুঝে প্রাণিচিকিৎসকের পরামর্শ নিতে হবে; প্রয়োজনে রক্তের অ্যান্টিজেন বা মাইক্রোফাইলেরিয়া পরীক্ষা করানো উচিত।

দ্বিতীয়ত, মশা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। ঘরের আশপাশে, ছাদে বা ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। পোষা প্রাণীর জন্য নিরাপদ মশা প্রতিরোধক ব্যবহার করা যেতে পারে, তবে ভুলেও মানুষের ব্যবহৃত মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম কুকুর-বিড়ালের গায়ে মাখা যাবে না—এতে থাকা রাসায়নিক বিশেষ করে বিড়ালের জন্য প্রাণঘাতী হতে পারে।

তৃতীয়ত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কৃমিনাশক বা অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ ব্যবহার করা উচিত নয়, কারণ সব কৃমিনাশক ওষুধ সব ধরনের পরজীবী মারতে পারে না। হার্টওয়ার্ম প্রতিরোধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা, মাত্রা ও প্রয়োগের সময়সীমা প্রাণীর স্বাস্থ্য ও ঝুঁকি অনুযায়ী নির্ধারণ করতে হয়।

পোষা প্রাণীর শরীরে অস্বাভাবিক গুটি, চোখে লালচে ভাব বা প্রদাহ, দীর্ঘস্থায়ী চুলকানি, দুর্বলতা, শুকনো কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিতে হবে। হার্টওয়ার্ম সংক্রমণে কাশি, ব্যায়াম সহ্য করতে না পারা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে।

সাম্প্রতিক এই গবেষণা একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে—মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। চিকিৎসাবিজ্ঞানে এই সমন্বিত ধারণাকেই বলা হয় ‘ওয়ান হেলথ’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের একজন ইন্টার্ন ভেটেরিনারিয়ানের ভাষ্যে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে এ ধরনের ঝুঁকি সহজেই এড়ানো যায়—সুস্থ পোষা প্রাণী মানেই সুস্থ পরিবার ও নিরাপদ পরিবেশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া …

গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ
স্বাস্থ্য

গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ

ভারতের গুজরাট রাজ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের মধ্যে ৬৬ দশমিক ২ শতাংশ রক্তশূন্যতায় (অ্যানিমিয়া) ভুগছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল …

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল
স্বাস্থ্য

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল

ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাস…

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম
স্বাস্থ্য

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম

সন্তানেরা নানা ধরনের মানসিক চাপ বা দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়। অনেক সময় অভিভাবক হিসেবে বাবা-মায়ের কাছেও সবকিছুর উত্তর থাকে না। সে ক্ষেত্রে করণীয় কী…