কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




