…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিষ্কে ক্লান্তি লাগে কেন: গবেষণা যা বলছে, মুক্তির উপায় যা

নিজস্ব প্রতিবেদক
শরীর ক্লান্ত নয়, তবু মস্তিষ্কে ক্লান্তি লাগে কেন: গবেষণা যা বলছে, মুক্তির উপায় যা
ছবি: সংগৃহীত

ঢাকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেন রাফি। সকালে অফিসে এসে একটি সাধারণ ই–মেইলের উত্তর লিখতে বসে প্রথম অনুচ্ছেদটি দুইবার পড়লেন তিনি। দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে আর মনোযোগ ধরে রাখা যাচ্ছে না—একটু পরপর চোখ চলে যাচ্ছে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্যালেন্ডারের মিটিং-তালিকায় কিংবা মোবাইলে আসা নতুন বার্তায়। শেষে কাজে ফিরলেও মনে পড়ছে না, উত্তরে ঠিক কী লিখতে চেয়েছিলেন।

রাফি সারা দিন ভারী কিছু তোলেননি, দৌড়াদৌড়িও করেননি। তবু বিকেল নাগাদ মনে হচ্ছে, মাথা আর চলছে না। শরীর ক্লান্ত না হয়েও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ার এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত।

দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান খোঁজা কিংবা এক কাজ থেকে আরেক কাজে বারবার সরে যাওয়া—এসবের কারণে মস্তিষ্ক ক্লান্ত হতে পারে। এর মধ্যে এক কাজ থেকে আরেক কাজে যাওয়াই অনেক সময় সবচেয়ে বেশি ক্লান্ত করে।

মানসিক ক্লান্তিতে ভোগা মানুষেরা সাধারণত বলেন, তাঁদের চিন্তা ধীর হয়ে যায়, অল্পতেই বিরক্তি আসে এবং হাতের কাজে মন বসাতে কষ্ট হয়। অনেকের মনে হয়, ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছেন; আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা নেই। অর্থাৎ এ ক্লান্তি শুধু মনের ভুল নয়।

সম্প্রতি ১১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গবেষণা হয়েছে। এতে ‘র‍্যান্ডমাইজড ক্রসওভার’ পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ একই অংশগ্রহণকারী দুই ধরনের কাজেই অংশ নেন। ৪৫ মিনিট একটানা কঠিন মানসিক কাজ করার পর তাঁরা নিজেদের ক্লান্তির মাত্রা জানান এবং একগুচ্ছ কঠিন চিন্তাশক্তির পরীক্ষা দেন। আরেকবার ৪৫ মিনিট সহজ ও সাধারণ কাজ করার পরও একই পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীরা কিছু শারীরিক সক্ষমতার পরীক্ষাও দেন, যেখানে কাজটিতে কতটা পরিশ্রম লাগছে, তা তাঁরা নিজেরাই মূল্যায়ন করেন।

৩০ থেকে ৯০ মিনিটের দীর্ঘ ও চাহিদাপূর্ণ কাজ নিয়ে হওয়া এ ধরনের গবেষণায় দেখা গেছে, কাজ যত লম্বা হয়, ক্লান্তির অনুভূতি তত বাড়ে। একই সঙ্গে প্রতিক্রিয়ার গতি ও কাজের নির্ভুলতা কমে। মনোযোগ নিয়ন্ত্রণের ক্ষমতাও কমে যায়, যা মস্তিষ্কের তরঙ্গ মাপার পরীক্ষা (ইইজি) থেকেও বোঝা গেছে। অর্থাৎ ‘মাথা আর চলছে না’ কথাটির পেছনে বাস্তব কারণ আছে।

‘ক্লান্ত’ শব্দটি একাধিক অবস্থাকে বোঝায়, আর প্রতিটির সমাধানও আলাদা। ঘুম ঘুম ভাব এক জিনিস, ভারী কাজ বা খেলাধুলার পর শরীরের ক্লান্তি আরেক জিনিস, আবার সারা দিনের চাপের পর মানসিক অবসাদ সম্পূর্ণ ভিন্ন।

তবে এগুলোর মধ্যে মিলও আছে। রাতে না ঘুমালে চিন্তাশক্তি কমে যায়, আবার দীর্ঘ ও চাপের দিন শেষে শরীরও ক্লান্ত লাগে। তবু এগুলো এক নয়, তাই মোকাবিলার পথও আলাদা।

আলোচনায় প্রায়ই মাল্টিটাস্কিংয়ের কথা আসে। বাস্তবে মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজ করে না; সে বারবার মনোযোগ এক কাজ থেকে আরেক কাজে সরায়। প্রতিবার এই সরে যাওয়া ছোট মনে হলেও সারা দিনে তা অসংখ্যবার শুরু আর থামার ধকল তৈরি করে। কাজগুলো আলাদাভাবে কঠিন বা বিরক্তিকর না হলেও এর প্রভাব জমতে থাকে।

অনেকে মনে করেন, ক্লান্তির কারণ কেবল একটানা বসে থাকা। দীর্ঘক্ষণ বসে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়, তা ঠিক। কিন্তু সারা দিন ডেস্কে বসে থাকাটাই যে সারা দিন দাঁড়িয়ে বা চলাফেরা করে কাজ করার চেয়ে অবশ্যই বেশি ক্লান্তিকর, এমন নয়।

মনে রাখার জন্য একই ই–মেইল তিনবার পড়ার চেয়ে মাঝেমধ্যে বিরতি নেওয়া বেশি জরুরি। বিরতিতে কাজের চেয়ে আলাদা কিছু করাই ভালো। যেমন অফিসের নিচে হাঁটা, ছাদে বা খোলা জায়গায় কয়েক মিনিট দাঁড়ানো কিংবা শরীর টান করা। এমন পরিবেশ বদলানোর মূল্য কম নয়।

দুপুরের খাবার বাদ দেওয়া বা কম পানি খাওয়া মস্তিষ্কের সঞ্চিত শক্তি কমিয়ে দেয়। দীর্ঘ চিন্তার দিনে এতে কখনো সুফল মেলে না। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও অফিসের গ্রুপ চ্যাটের বার্তা কাজের মাঝখানে মনোযোগ নষ্ট করে; এগুলো বন্ধ রাখলে কাজ থেকে মনোযোগ সরে যাওয়া কমে। ই–মেইলের উত্তর, ফাইল আপডেট বা হিসাব মেলানোর মতো সমজাতীয় কাজ একটানা শেষ করে পরের কাজে গেলে মনোযোগ কম নষ্ট হয়।

ভাবা, শোনা, পড়া ও তথ্য বোঝার পরিশ্রম শারীরিক পরিশ্রমের মতোই ক্লান্তি তৈরি করে, তাই সেরে ওঠার সময়ও লাগে। কোনো ই–মেইল বারবার পড়েও বুঝতে না পারলে সেটি রেখে একটু পরে পড়া ভালো। বাকি কাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হ…

স্বাস্থ্য

আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকে প্রতিরোধী, আইইডিসিআরের প্রতিবেদন

ঢাকা: প্রচলিত ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং গুরুতর অসুস্থ রোগীদ…

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২…

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ
স্বাস্থ্য

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর …