এশিয়ার বাজারে চালের রপ্তানি দাম ঊর্ধ্বমুখী, ভারত-থাইল্যান্ড-ভিয়েতনামে বেড়েছে দর
এশিয়ার প্রধান চাল রপ্তানিকারক দেশগুলোতে পণ্যটির রপ্তানি মূল্য বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের রপ্তানি দর ঊর্ধ্বমুখী ছিল।
আফ্রিকার দেশগুলোর বাড়তি চাহিদা, ভারতীয় রুপির শক্তিশালী বিনিময় হার এবং সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা এই দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে থাইল্যান্ডের বাজারে চাহিদা এখনো দুর্বল রয়েছে; অন্যদিকে ফিলিপাইন নতুন করে চাল কেনা শুরু করায় ভিয়েতনামের বাজারে কিছুটা গতি ফিরেছে।
ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল প্রতি টন ৩৮৫ থেকে ৩৯০ ডলারে রপ্তানি হয়েছে, যা তার আগের সপ্তাহে ছিল ৩৮২ থেকে ৩৮৬ ডলার। পাশাপাশি ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দর ছিল প্রতি টন ৩৯০ থেকে ৩৯৫ ডলার।
কলকাতার একজন রপ্তানিকারক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় মুনাফা ধরে রাখতে চালের দাম বাড়িয়েছেন রপ্তানিকারকেরা।
থাইল্যান্ডের বাজারেও ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বেড়ে প্রতি টন ৪৯৫ থেকে ৫০০ ডলারে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪৯০ থেকে ৪৯৫ ডলার। ব্যবসায়ীদের ধারণা, সরবরাহ হ্রাসের আশঙ্কা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ঘিরে উদ্বেগের কারণে দাম আরও কিছুটা বাড়তে পারে।
থাইল্যান্ডের চালের সামগ্রিক চাহিদা এখনো কম থাকায় মূলত নিয়মিত ক্রেতা ও ফিলিপাইনই বর্তমানে চাল কিনছে। এদিকে ভারতীয় চালের দাম আরও বাড়তে পারে এমন প্রত্যাশায় ইন্দোনেশিয়ার ক্রেতাদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফসল ওঠার পর দেশটির নতুন মৌসুমের চাল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দামও সামান্য বেড়ে প্রতি টন ৪৯০ থেকে ৪৯৫ ডলারে বেচাকেনা হয়েছে। হো চি মিন সিটির একজন চাল ব্যবসায়ী জানান, ফিলিপাইন পুনরায় চাল কেনা শুরু করায় যেমন দাম বাড়ছে, তেমনি দেশটির বাজারে সরবরাহও কমে আসছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রাখবে ভিয়েতনাম।
এদিকে চলতি মৌসুমে দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। তবে উৎপাদন খরচ বাড়লেও সরকার সেদ্ধ ও আতপ চালের সংগ্রহ মূল্য কেজিতে ১ টাকা কমিয়েছে; নতুন দর অনুযায়ী সেদ্ধ চালের দাম কেজিপ্রতি ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ধানের সংগ্রহ মূল্য সামান্য বাড়িয়ে কেজিপ্রতি ৩৫ টাকা করা হয়েছে।

