যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা, অংশ নিলেন ৬২ কর্মকর্তা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ১৪ নভেম্বর যশোরের একটি হোটেলে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) বিষয়ক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ।
ব্যাংকের ইভিপি, ডেপুটি ক্যামেলকো ও অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস কর্মশালায় মানি লন্ডারিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং ও ক্রেডিট-ভিত্তিক মানি লন্ডারিং নিয়ে আলোচনা করেন।
খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখা থেকে শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ ও জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-১-এর ইভিপি মো. মাজহারুল হক, রাইট অফ ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং একই বিভাগের এসএভিপি মো. মমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর ছাদেক বলেন, বর্তমান বিশ্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ অর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অপরাধীরা অর্থনৈতিক ব্যবস্থার অপব্যবহার করে থাকে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এর ফলে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ, সুশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং চ্যানেল যেন কোনোভাবেই অবৈধ অর্থের লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা নৈতিক, পেশাগত ও আইনগত দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
জাফর ছাদেক বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ডিজিটাল হুন্ডি, অনলাইন গেমিং ও বেটিং, অনলাইন জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিং করা হচ্ছে, যার ফলে দেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে। অপরাধীরা যেন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে এসব কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের আরও সতর্ক থাকতে হবে বলে তিনি নির্দেশনা দেন।
কর্মশালার পর ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

