কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়ে গেল প্রায় পুরো বাস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে যাত্রীরা দ্রুত নেমে যান।
এ সময় আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

