বাঁশখালীর চাম্বলে সড়কের ওপর বাস উল্টে বন্ধ আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক, হতাহতের খবর নেই
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় সড়কের ওপর একটি বাস উল্টে গেছে। এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাম্বলের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৪৩১।
বাসটি সড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসের চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক জোরে ব্রেক করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বাসটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।




