নিউইয়র্কের ব্রুকলিনে দোতলা বাড়িতে আগুনে ৬ জন নিহত, আহত ৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে শহরের দমকল বিভাগ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় সারিবদ্ধ কাঠামোর ওই বাড়িতে ভোর ১টা ৪০ মিনিটে তীব্র আগুনের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ২০০ জনের বেশি অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে যান।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বিভাগ জানিয়েছে।
দমকল বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
আহতদের মধ্যে চারজন প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন। এ ছাড়া তিনজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন বলে বিভাগটি জানিয়েছে।
নিহতদের নাম বা বয়স এখনো প্রকাশ করা হয়নি।
ফায়ার মার্শালরা আগুনের কারণ তদন্ত করছেন। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেছে, তবে আগুনের কারণের সঙ্গে সেটির সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি বলে দমকল বিভাগ জানিয়েছে।



