টেক্সাসের রেলরোড কমিশনে জিতলেন ডেমোক্র্যাট রোজেনথাল, হারলেন বিতর্কিত রিপাবলিকান ফ্রেঞ্চ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রেলরোড কমিশনে আসন জিতেছেন ডেমোক্র্যাট জন রোজেনথাল। রাজ্য প্রতিনিধি রোজেনথাল বিতর্কিত রিপাবলিকান প্রার্থী বো ফ্রেঞ্চসহ দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এই শক্তিশালী রাজ্য নিয়ন্ত্রক সংস্থায় জায়গা করে নিয়েছেন।
রোজেনথাল তিন সদস্যের এই কমিশনে যোগ দেবেন, যেখানে কয়েক দশক ধরে ডেমোক্র্যাটরা জায়গা পাননি। সংস্থাটি টেক্সাসের বহু বিলিয়ন ডলারের তেল ও গ্যাস শিল্প নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। ২০০৫ সাল থেকে সংস্থাটির রেলপথ তদারকির দায়িত্ব নেই।
এই লড়াইয়ের নীতিগত বিতর্কগুলোকে অনেকটাই আড়াল করে দিয়েছিল ফ্রেঞ্চের উত্তেজক বক্তব্য। সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ব্যাপক জাতীয় ক্ষোভের মুখে পড়েন, যখন তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলায় উপস্থিত দক্ষিণ এশীয় আমেরিকান শিক্ষার্থীদের লক্ষ্য করে মন্তব্য করেন।
এক্সে দেওয়া পোস্টে ট্যারান্ট কাউন্টির সাবেক রিপাবলিকান চেয়ারম্যান ফ্রেঞ্চ ইঙ্গিত দেন, ওই শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে বিদেশিরা আমেরিকানদের সরিয়ে দিচ্ছে। সিনেটর জন কর্নিনসহ কয়েকজন বিশিষ্ট টেক্সাস রিপাবলিকান ফ্রেঞ্চের নিন্দা করেন।
এর আগে ২০২৫ সালের জুনে আরেক বিতর্কে জড়ান ফ্রেঞ্চ, যখন তিনি এক্সে অনুসারীদের কাছে জানতে চান, ইহুদি নাকি মুসলমানরা আমেরিকার জন্য বড় হুমকি। পরে তিনি আংশিক পিছু হটে বলেন, রিপাবলিকান দলে ইহুদিবিদ্বেষের জায়গা নেই এবং দলটি ধর্ম পালনের স্বাধীনতাকে সম্মান করে।
নির্বাচনী প্রচারে ফ্রেঞ্চ ডানপন্থি সাংস্কৃতিক ইস্যু সামনে আনেন। তিনি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) ব্যবস্থা তুলে দেওয়ার এবং রাজ্যের তেল শিল্পে ‘মৌলবাদী ইসলাম’ ও চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব কমানোর কথা বলেন। পশ্চিম টেক্সাসে তেল কোম্পানি চালানো পরিবারের সদস্য ফ্রেঞ্চ শিল্পে নিয়ন্ত্রণ শিথিল করার পক্ষেও মত দেন।
অন্যদিকে রোজেনথাল প্রচার চালান ইউটিলিটি বিল কমানো, বিশুদ্ধ পানি ও বাতাস নিশ্চিত করা এবং নতুন ডেটাসেন্টার নির্মাণে সম্পদ ব্যবহারে সীমা বেঁধে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। আসনটির জন্য নিজের যোগ্যতার কারণ হিসেবে তিনি তেল ও গ্যাস প্রকৌশলী হিসেবে নিজের ২৫ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এপির নির্বাচনী তথ্য অনুযায়ী, টেক্সাসের তেল শিল্পের প্রাণকেন্দ্র পারমিয়ান বেসিনের কয়েকটি কাউন্টিতে সহজে জিতেছেন ফ্রেঞ্চ। রোজেনথালের সবচেয়ে বড় ভোট এসেছে ডেমোক্র্যাট-প্রবণ শহরাঞ্চল থেকে।
মঙ্গলবার সন্ধ্যায় এক্সে রোজেনথাল লেখেন, ‘টেক্সাসের মানুষের আস্থায় আমি বিনীত ও সম্মানিত। তারা বার্তা দিয়েছেন, ঘৃণা ও বিভাজনের রাজনীতি লোন স্টার স্টেটে জেতে না।’ যেসব রিপাবলিকান ‘বিশৃঙ্খলার বদলে যোগ্যতা’ বেছে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
রোজেনথাল কমিশনে ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।



