টোকিওতে চুরি যাওয়া প্রায় ৩ লাখ ডলারের সুইস ঘড়ি ক্ষমা চেয়ে চিরকুটসহ ফেরত

গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের একটি বিলাসবহুল সুইস ঘড়ি ক্ষমা প্রার্থনাসূচক চিরকুটসহ ফেরত পাওয়া গেছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ক্রেতা সেজে আসা এক ব্যক্তি অডেমারস পিগুয়েট ব্র্যান্ডের ঘড়িটি পরে দেখার ভান করেন এবং পরে সেটি হাতে থাকা অবস্থাতেই ওই দোকান থেকে পালিয়ে যান।
সোমবার ‘আসাহি শিমবুন’ পত্রিকা ও অন্যান্য গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সূত্রের বরাতে জানায়, দোকানটিতে একটি প্যাকেট আসে। এর ভেতরে ঘড়িটি এবং ক্ষমা চেয়ে লেখা একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়।
ঘড়িটির সিরিয়াল নম্বর দেখে সেটিকে চুরি হওয়া সেই ঘড়ি হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে এএফপি যোগাযোগ করলে দোকান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
‘আসাহি’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, টোকিও পুলিশ এখনো চুরির সন্দেহে ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে।
এর আগে আগস্ট মাসে একই শপিং কমপ্লেক্সের অন্য একটি দোকান থেকে ২০০ মিলিয়ন ইয়েন (১৩ লাখ ডলার) মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়েছিল।




