নিউমার্কেটসহ আশপাশের সড়ক থেকে হকার উচ্ছেদে শিগগিরই বিশেষ কর্মসূচি: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। তিনি বলেছেন, রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কর্মসূচির কথা জানান। সভাটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার (ওয়ার্ড নম্বর ১৫ থেকে ২১) নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা হয়।
প্রশাসক বলেন, যারা শৃঙ্খলা মেনে চলবেন, তাদের জন্য মতিঝিলের মতো নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজপথ কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না।
নাগরিক সেবায় অবহেলা করলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তাঁর ভাষায়, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার; কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে বা নাগরিক চাহিদা মেটাতে ব্যর্থ হলে সরাসরি জানালে অনতিবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণের প্রধান সমস্যাগুলোর অন্যতম হিসেবে জলাবদ্ধতার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, এই জটিলতা তাঁদের দায়িত্ব নেওয়ার আগে থেকেই বিদ্যমান ছিল এবং তা নিরসনে নিরলস কাজ চলছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরের সব সমস্যা সমাধান সম্ভব নয়; সমস্যা সমাধানে জনসম্পৃক্ততা জরুরি। তিনি বলেন, নগরের উন্নয়ন করতে হলে ওয়ার্ডভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে এবং ক্ষুদ্র ও ব্যক্তি স্বার্থ বিবেচনা না করে সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




