নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তাঁর মেয়ে ডলি (২৫) গুরুতর আহত হয়েছেন। মাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ অক্টোবর) সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে, মনু মেম্বারের বাড়ির পাশে।
পুলিশ জানায়, ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন চন্দ্রবানু। তাঁকে বাঁচাতে গিয়ে মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন।
ডলির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



