মিষ্টির ছেড়ে যাওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এলিজা জামানকে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
সংরক্ষিত এই নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৬ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
তফসিল অনুযায়ী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি একজন বৈধ প্রার্থী অবশিষ্ট থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।



