…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
প্রযুক্তি

ফেসবুকে লিংক শেয়ারেও এবার টাকা চায় মেটা: বিপাকে সরকারি প্রতিষ্ঠান ও নন-প্রফিট পেজ

নিজস্ব প্রতিবেদক

এত দিন ফেসবুক পেজে লিংক শেয়ারের কোনো নির্দিষ্ট সীমা না থাকলেও এবার সরকারি প্রতিষ্ঠান ও নন-প্রফিট সংস্থাগুলোর জন্য এ সুবিধা সীমিত করছে মেটা। পরীক্ষামূলক এ ব্যবস্থায় কোনো কোনো পেজে মাসে মাত্র দুটি লিংক পোস্ট করার সুযোগ রাখা হয়েছে। এর বেশি লিংক শেয়ার করতে হলে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে ফেসবুকের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন সেবা, কার্যক্রম ও জরুরি তথ্য জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের তথ্য প্রচারের প্রধান মাধ্যম ফেসবুক পেজ, তাদের জন্য এই সীমা নতুন চাপ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্রিনভিল শহরের গ্রন্থাগারের ফেসবুক পেজে সম্প্রতি মাসিক লিংক শেয়ারের সীমা শেষ হওয়ার একটি নোটিফিকেশন দেখানো হয়। এতে বলা হয়, মাসে দুটি পোস্টে লিংক যুক্ত করার সুযোগ ইতোমধ্যেই ব্যবহার করা হয়ে গেছে। আরও লিংক শেয়ার করতে হলে মাসে অন্তত ৫০ ডলারের ‘মেটা ওয়ান’ সাবস্ক্রিপশন নিতে হবে।

গ্রিনভিলের যোগাযোগ ব্যবস্থাপক ড্যানিয়েল স্টার্কস জানান, নগর কর্তৃপক্ষের বিভিন্ন সেবার তথ্য ও গুরুত্বপূর্ণ ঘোষণা নাগরিকদের কাছে পৌঁছাতে ওয়েবসাইটের লিংক ব্যবহার করা হয়। তাই শহরটির অন্যান্য বিভাগের পেজগুলোতেও একই বিধিনিষেধ আসার আশঙ্কায় কর্মীদের সাধারণ পোস্টে লিংক দেওয়া বন্ধ করে কমেন্ট সেকশনে লিংক যুক্ত করতে বলেছেন তিনি। তাৎক্ষণিক এই বিকল্প ব্যবস্থাই এখন অনেক পেজের ভরসা।

একই সমস্যায় পড়েছে ইন্ডিয়ানাপোলিসের নন-প্রফিট সংস্থা ইস্ট সাইড প্রজেক্ট। সংস্থাটি প্রাণীদের খাবার সরবরাহের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। প্রায় এক হাজার অনুসারীর ফেসবুক পেজে খাবার সংগ্রহের স্থান, অনুদান দেওয়ার পদ্ধতি ও স্বেচ্ছাসেবী হওয়ার তথ্য প্রকাশ করা হয়।

কিন্তু মাসিক সীমা শেষ হয়ে যাওয়ায় একটি অনুষ্ঠানের প্রচার করতে গিয়ে নিজেদের ওয়েবসাইটের লিংক দিতে পারেননি সংস্থাটির সহসভাপতি বেথানি ইংলিশ। মাসে ২০টি লিংক শেয়ারের সুযোগ পেতে তাকে ১৫০ ডলারের সাবস্ক্রিপশন নিতে বলা হয়। ছোট একটি নন-প্রফিট সংস্থার পক্ষে শুধু লিংক শেয়ারের জন্য এই অর্থ ব্যয় করা কঠিন বলে জানান তিনি।

মেটার সাবস্ক্রিপশন প্ল্যানে মাসে ১৪ দশমিক ৯৯ ডলারের প্রাথমিক প্যাকেজে ফেসবুকে অতিরিক্ত লিংক শেয়ারের সুবিধা নেই। ৪৯ দশমিক ৯৯ ডলারের প্যাকেজে মাসে আটটি এবং ১৪৯ দশমিক ৯৯ ডলারের প্যাকেজে ২০টি লিংক শেয়ার করা যায়। ৪৯৯ দশমিক ৯৯ ডলারের প্যাকেজে লিংক শেয়ারের নির্দিষ্ট কোনো সীমা রাখা হয়নি। অর্থাৎ বেশি লিংক মানেই বেশি খরচ—এই কাঠামোই এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকে লিংক শেয়ারিংয়ের সুবিধা সাবস্ক্রিপশনের আওতায় আনা যায় কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ব্যবহারকারীদের মতামত ও পরীক্ষার ফলের ভিত্তিতে এ ব্যবস্থা পরিবর্তন করা হবে। তবে সরকারি ও নন-প্রফিট প্রতিষ্ঠানগুলোর পেজকে এই পরীক্ষার আওতায় রাখার কথা নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৩ অক্টোবর মেটা আরও জানায়, নন-প্রফিট প্রতিষ্ঠান হিসেবে শনাক্ত হতে হলে ফেসবুক পেজে ‘ননপ্রফিট’ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ ছাড় পাওয়ার সুযোগ থাকলেও তার জন্য পেজের পরিচিতি হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে অনেক প্রতিষ্ঠানের জন্য।

তবে এ বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হচ্ছে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। কোনো কোনো পেজে পোস্টের বদলে কমেন্ট সেকশনে লিংক শেয়ার করা গেলেও অন্যদের ক্ষেত্রে সে সুযোগও সীমিত করেছে প্ল্যাটফর্মটি। ফলে একই নিয়ম সব পেজে একইভাবে কাজ করছে না বলেই অভিযোগ উঠছে।

এ পরিস্থিতিতে তথ্য প্রচারের জন্য ফেসবুকের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো বিকল্প মাধ্যম ব্যবহারের কথাও বিবেচনা করছে। পরীক্ষা শেষে মেটা এই ব্যবস্থা স্থায়ী করে কি না, আর সরকারি ও নন-প্রফিট পেজগুলোর জন্য প্রতিশ্রুত ছাড় বাস্তবে কতটা মেলে—সেদিকেই এখন নজর সবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

রাশিয়ায় বিশ্বে প্রথম মানবদেহে মেরুদণ্ড প্রতিস্থাপন, সাফল্য নিয়ে প্রশ্ন গবেষকদের

রাশিয়ায় বিশ্বে প্রথমবারের মতো মানুষের মেরুদণ্ড প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এই অস্ত্রোপচারে আঘাত পাওয়ার তিন বছর পর এক ব্যক্তির মেরুদণ্ডের ক্ষতিগ্রস্…

প্রযুক্তি

‘শর্ত ভেঙে মানুষ মারতে ড্রোন হামলায় ব্যবহার হয়েছে স্টারলিংক’—গতি কমানোর কথা স্বীকার করলেন মাস্ক

ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন ইলন মাস্ক। তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের এই পদক্ষেপে ইউক্রেনের সামরি…

প্রযুক্তি

এআই নিয়ে আবার সতর্কবার্তা ‘গডফাদার’ হিন্টনের: ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের হাতিয়ার হওয়ার শঙ্কা, পাল্টা আক্রমণে এনভিডিয়া প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন আবারও সতর্ক করে বলেছেন, এআই মডেলগুলো মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পা…

প্রযুক্তি

হাতে স্মার্টফোন, পর্দায় প্রিয় মুখ — তবু কেন কাটে না বয়স্কদের নিঃসঙ্গতা

স্মার্টফোন হাতে থাকলেই কি নিঃসঙ্গতা কাটে? বয়স্কদের জীবন নিয়ে গবেষণার বার্তা হলো, প্রযুক্তি দূরত্ব কমাতে পারে, সম্পর্কও ধরে রাখতে পারে, তবে সামনাসামন…