…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
প্রযুক্তি

এআই নিয়ে আবার সতর্কবার্তা ‘গডফাদার’ হিন্টনের: ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের হাতিয়ার হওয়ার শঙ্কা, পাল্টা আক্রমণে এনভিডিয়া প্রধান

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন আবারও সতর্ক করে বলেছেন, এআই মডেলগুলো মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার আগের সতর্কবাণী আবারও জোরালোভাবে উচ্চারণ করেছেন।

আধুনিক এআইয়ের ভিত্তি তৈরিতে সাহায্য করা এই অগ্রগামী কম্পিউটার বিজ্ঞানী এখন এই প্রযুক্তিরই অন্যতম সোচ্চার সমালোচক। তিনি এই দাবিও উড়িয়ে দিয়েছেন যে প্রযুক্তি জগৎ নিজে থেকেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে।

হিন্টনের মতে, এআইয়ের নামে ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের ধান্দা চলছে — প্রযুক্তির দ্রুত অগ্রগতি যাদের হাতে, তাদের ওপর কোনো কার্যকর নজরদারি না থাকলে এই শক্তি সমাজ নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হতে পারে বলেই তার শঙ্কা।

সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার ভাষায়, ‘সুপারইন্টেলিজেন্স’ শব্দটির প্রতি ট্রাম্পের মাত্রাতিরিক্ত ঝোঁক প্রমাণ করে যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তেমন ধারণা রাখেন না।

এমন এক সময়ে হিন্টনের এই মন্তব্য এল, যখন আরও অনেক জ্যেষ্ঠ এআই বিজ্ঞানী ও গবেষক তার সঙ্গে সুর মিলিয়ে সতর্ক করছেন যে, তাদের তৈরি করা এই প্রযুক্তি শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ নিয়ে প্রযুক্তি খাতে বড় ধরনের সংকটের আলোচনা চলছে।

তবে এর তীব্র প্রতিবাদও হয়েছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির প্রধান গত সপ্তাহে টরন্টোভিত্তিক হিন্টনকে নিশানা করে কঠোর আক্রমণ চালিয়েছেন। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, তিনি হিন্টনকে খুব পছন্দ করেন, কিন্তু তার ভবিষ্যদ্বাণীগুলোকে ঘৃণা করেন — তার ভাষায় হিন্টনের সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে।

এআইয়ের কারণে আগামী দশকগুলোতে মানবজাতি বিলুপ্ত হওয়ার ১০ থেকে ২০ শতাংশ আশঙ্কা রয়েছে বলে হিন্টন যে সতর্কবার্তা দিয়েছেন, তাও উড়িয়ে দিয়েছেন হুয়াং। তার দাবি, এই সংখ্যাটি বিজ্ঞান বা গবেষণার ওপর ভিত্তি করে দেওয়া হয়নি এবং এ ধরনের ভবিষ্যদ্বাণী ক্ষতিকর।

তবে হিন্টনের মতে, তার সমালোচকরা ঝুঁকির আসল প্রকৃতিটাই বুঝতে পারছেন না। তিনি নির্দিষ্ট কোনো ঘটনার ভবিষ্যদ্বাণী করছেন না। তার ব্যাখ্যা, ‘আপনাকে যদি বলা হয় যে একটি বাস দুর্ঘটনার ১০ শতাংশ সম্ভাবনা আছে, আপনি কিন্তু সেই বাসে উঠবেন না।’ সংখ্যা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হলো — এটি একটি মারাত্মক ঝুঁকি; ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক তা জানা না গেলেও এটি যে মারাত্মক, তা নিশ্চিত।

সম্প্রতি হাগিং ফেস নামের এক প্রযুক্তি প্রতিষ্ঠানে এআই এজেন্টদের একটি ‘ঝাঁক’ তাদের নির্মাতাদের বেঁধে দেওয়া সীমানা পেরিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকিং চালিয়েছে। এই ঘটনায় প্রযুক্তি দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে — কেউ একে সামনের বিপদের পূর্বাভাস দেখছেন, কেউ আবার বলছেন সিস্টেমগুলো স্রেফ নির্দেশ মেনে চলছে।

হিন্টন মনে করেন, এসব বিষয়কে উড়িয়ে দেওয়া বোকামি হবে। তার ভাষায়, ‘এই সব বিষয় কিছুদিন আগেও সায়েন্স ফিকশন বলে মনে করা হতো — এআই এজেন্ট থাকবে, তারা বিদ্রোহী হয়ে উঠবে, একে অপরের সঙ্গে যোগাযোগ করা শিখে ফেলবে। আর এখন এর সবই ঘটে গেছে।’

হিন্টন অকপটে স্বীকার করেন, এআইয়ের সমালোচকদের সতর্কবার্তা বা এর নির্মাতাদের আশ্বাস — কোনোটিই নিশ্চিত করে বলতে পারে না প্রযুক্তিটি শেষ পর্যন্ত কী করবে। তবে তার যুক্তি হলো, অনিশ্চয়তা আছে বলেই বসে থাকা যাবে না। তিনি বলেন, ‘এআই যদি মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে আপনি দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না। আমরা বলতে পারব না — এবার হেরে গেলাম, চল খেলাটা আবার নতুন করে শুরু করি।’

টরন্টো বিশ্ববিদ্যালয়ে এআইয়ের দুটি ‘শীতকালীন মন্দা’র সময়ও যারা এই ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের অন্যতম হিন্টন — অন্যরা যা দেখতে পাননি, তিনি আগেভাগে তা দেখতে পেয়েছেন বলে তার পরিচিতি রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তার এই সতর্কবার্তাকে প্রযুক্তি দুনিয়া সহজে উড়িয়ে দিতে পারছে না, যদিও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের প্রধানরা এর প্রকাশ্য বিরোধিতা করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

রাশিয়ায় বিশ্বে প্রথম মানবদেহে মেরুদণ্ড প্রতিস্থাপন, সাফল্য নিয়ে প্রশ্ন গবেষকদের

রাশিয়ায় বিশ্বে প্রথমবারের মতো মানুষের মেরুদণ্ড প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এই অস্ত্রোপচারে আঘাত পাওয়ার তিন বছর পর এক ব্যক্তির মেরুদণ্ডের ক্ষতিগ্রস্…

প্রযুক্তি

ফেসবুকে লিংক শেয়ারেও এবার টাকা চায় মেটা: বিপাকে সরকারি প্রতিষ্ঠান ও নন-প্রফিট পেজ

এত দিন ফেসবুক পেজে লিংক শেয়ারের কোনো নির্দিষ্ট সীমা না থাকলেও এবার সরকারি প্রতিষ্ঠান ও নন-প্রফিট সংস্থাগুলোর জন্য এ সুবিধা সীমিত করছে মেটা। পরীক্ষামূ…

প্রযুক্তি

‘শর্ত ভেঙে মানুষ মারতে ড্রোন হামলায় ব্যবহার হয়েছে স্টারলিংক’—গতি কমানোর কথা স্বীকার করলেন মাস্ক

ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন ইলন মাস্ক। তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের এই পদক্ষেপে ইউক্রেনের সামরি…

প্রযুক্তি

হাতে স্মার্টফোন, পর্দায় প্রিয় মুখ — তবু কেন কাটে না বয়স্কদের নিঃসঙ্গতা

স্মার্টফোন হাতে থাকলেই কি নিঃসঙ্গতা কাটে? বয়স্কদের জীবন নিয়ে গবেষণার বার্তা হলো, প্রযুক্তি দূরত্ব কমাতে পারে, সম্পর্কও ধরে রাখতে পারে, তবে সামনাসামন…