আদালতের আদেশের পর কোস্টা রিকার বিমানবন্দর ছাড়লেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কোস্টা রিকার সান্তামারিয়া বিমানবন্দর ছেড়েছেন। দেশটিতে ঢুকতে বাধা পাওয়ার পর তিনি সেখানে দ্বিতীয় রাত কাটাতে বাধ্য হয়েছিলেন।
শনিবার গ্রিনিচ মান সময় প্রায় সকাল ৭টায় এক্সে (সাবেক টুইটার) আলবানিজ লেখেন, ‘আমি বিমানবন্দরের বাইরে। অবশেষে। যাঁরা আমাকে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ।’ রাজধানী সান হোসের এই বিমানবন্দর থেকেই তিনি একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছিলেন।
এর আগে ভোর ৪টার দিকে তিনি লেখেন, দেশটির সাংবিধানিক আদালত তাঁকে হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বের হতে দেওয়ার আদেশ দিলেও অভিবাসন পুলিশ তাঁকে ছাড়ছে না। তিনি লেখেন, ‘আমি কি আটক?’ একই পোস্টে তিনি জানান, এয়ার ফ্রান্সের কর্মীরা নানা অজুহাতে সাংবিধানিক আদালতের রায়কে ‘সক্রিয়ভাবে উপেক্ষা’ করছেন, আর তিনি ৫০ ঘণ্টার বেশি সময় ধরে জেগে আছেন।
বৃহস্পতিবার কোস্টা রিকা আলবানিজকে বিমানবন্দরে আটকে রাখার সিদ্ধান্ত নেওয়ায় ছোট এই মধ্য আমেরিকার দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা আলোচনায় এসেছে।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, আলবানিজকে কোস্টা রিকায় ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক্সে জানায়, ‘জাতীয় নিরাপত্তার’ কথা বলে আলবানিজকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
আলবানিজ বিমানবন্দরের অস্বস্তিকর পরিস্থিতির কথা জানিয়ে আরেক পোস্টে লেখেন, তিনি ‘আগামীকালের ফ্লাইট পর্যন্ত ঘণ্টা গুনছেন’—তবে গন্তব্য নির্দিষ্ট করে বলেননি।
তবে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কোস্টা রিকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অন্তর্বর্তী আদেশে নিশ্চিত করেছে, তাঁর গন্তব্য হবে মেক্সিকো, এবং তাঁকে হোটেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
আলবানিজ স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলেছিলেন, তিনি মেক্সিকোতে যেতে চান; কিন্তু অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে ফ্রান্সে ফিরে যেতে বলেছিল, তাতে তিনি আপত্তি জানান। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট নিয়ে নিয়েছে এবং ঘুমানোর জন্য তাঁকে একটি আটককক্ষের প্রস্তাব দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রঘেঁষা কোস্টা রিকা সরকারের দাবি, আলবানিজ ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার’ বিষয়ে একটি ‘আন্তর্জাতিক সতর্কবার্তার’ আওতায় রয়েছেন।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, কোস্টা রিকায় ইতালির দূতাবাস আলবানিজকে কনস্যুলার সহায়তা দিচ্ছে। রাষ্ট্রদূত তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সহায়তার জন্য বিমানবন্দরে একজন কনস্যুলার কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ইতালির কর্মকর্তারা বারবার কোস্টা রিকার কর্তৃপক্ষকে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন; তবে আলবানিজ বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকাতেই ছিলেন এবং আনুষ্ঠানিকভাবে দেশটিতে প্রবেশ করেননি।
আলবানিজ কোস্টা রিকা গিয়েছিলেন রাষ্ট্রীয় কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট নিতে। জাতিসংঘের বিশেষ দূত হলেন মানবাধিকার পরিষদের নিয়োগ দেওয়া স্বাধীন বিশেষজ্ঞ, যিনি নির্দিষ্ট দেশ বা বিষয়ে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করে প্রতিবেদন দেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সংক্রান্ত পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আলবানিজ আশা প্রকাশ করেছিলেন, কোস্টা রিকা সিদ্ধান্ত বদলাবে। তাঁকে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে জড়ানোর চেষ্টা তিনি প্রত্যাখ্যান করেছেন। গাজায় ইসরায়েলের আচরণের অন্যতম সোচ্চার সমালোচক আলবানিজ প্রায়ই ইসরায়েলপন্থী কর্মকর্তা ও সরকারগুলোর লক্ষ্যবস্তু হয়েছেন; জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে কোস্টা রিকার সিদ্ধান্তের প্রশংসা করেছেন।



