শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন, পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন পাঁচ শতাধিক নারী
শেরপুরে প্রথমবারের মতো পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার নারীরা এই দৌড়ে অংশ নেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়। পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় দৌড়।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মবিশ্বাস বাড়াতে এই আয়োজন করে জেলা প্রশাসন।
ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন। তাঁরা প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, নারীদের শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজনে অংশগ্রহণকারী নারীদের জন্য জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এই আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। প্রথমবারের মতো আয়োজিত নারীদের এই মিনি ম্যারাথন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।


