রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আব্দুস সামাদ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর দুই ছেলে বাড়িতে ছিলেন। ভোরে অনেক লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করা হয়।
রুনা বেগমের ভাষ্য, দুর্বৃত্তরা ঘরে ভাঙচুর চালানোর পর ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান রুনা বেগম। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে শোরগোল শুনে তাঁরা ছুটে যান। লোকজনের ছোটাছুটি দেখে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এরই মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
আজ সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বাড়িটি পরিদর্শন করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।




