…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ইরানে সরকার পরিবর্তনে আগ্রহ নেই, দীর্ঘমেয়াদি সমঝোতা চান ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

ইরানের ক্ষমতাসীন সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তার মতে, এমন চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পাশাপাশি দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকেও বিরত রাখা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি কখনোই তেমন গুরুত্ব দিয়ে ভাবেননি।

ট্রাম্প বলেন, ইরানের সরকার নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি। অনেকে একে সরকার পরিবর্তন বলছেন। তিনি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছেন, এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন। এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তনও বলা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রসঙ্গেই এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে দেশটির সামরিক স্থাপনা এবং শীর্ষ নেতাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন।

ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প একদিকে তাদের তুলনামূলক যুক্তিসংগত বলে উল্লেখ করেন, অন্যদিকে আলোচনার ক্ষেত্রে তাদের সঙ্গে নানা জটিলতার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান নেতৃত্বের চিন্তাভাবনা আগের চেয়ে আলাদা, সম্ভবত তারা বেশি যুক্তিসংগত। কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা বেশ কঠিন। একটি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেটি ভঙ্গ করে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একটি দীর্ঘস্থায়ী চুক্তি প্রয়োজন। এমন সমঝোতা চান তিনি, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও কার্যকর থাকবে।

তিনি বলেন, এমন একটি চুক্তি করবেন, যা দীর্ঘদিন টিকে থাকবে এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেওয়া হবে না। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করছেন না। প্রয়োজনে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিবিএস নিউজকে এ বিষয়ে অবগত কয়েকটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান দ্রুত নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে।

তেহরানের দাবি, এসব অভিযোগের ধরন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের আগে দেওয়া বক্তব্যগুলোর মতো। সে সময়ও একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছিল বলে উল্লেখ করে ইরান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’
আমেরিকা

ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’

ইরানের উত্তর সীমান্ত ঘেঁষে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিবহন ও জ্বালানি প্রকল্প চালু করতে যাচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নিশ্…

পুনর্গণনায় জিতে নর্থ ক্যারোলাইনার আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট হাবার্ড, ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে দলটি
আমেরিকা

পুনর্গণনায় জিতে নর্থ ক্যারোলাইনার আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট হাবার্ড, ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে দলটি

ডেমোক্র্যাট চাক হাবার্ড নর্থ ক্যারোলাইনার পঞ্চম কংগ্রেসনাল জেলার নির্বাচনে জয়ী হবেন বলে রোববার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। এর মধ্য দিয়ে …

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের
আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্ষমতায় ফিরেছে ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ে তারা ১৯৯২ সালের পর যেকোনো দলের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা …

নর্থ ক্যারোলাইনার আসন জিতে ১৯৯২ সালের পর হাউসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা
আমেরিকা

নর্থ ক্যারোলাইনার আসন জিতে ১৯৯২ সালের পর হাউসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ১৯৯২ সালের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। নর্থ ক্যারোলাইনায় ড…