নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে
নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যারিয়ার চত্বরে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষিবান্ধব; তিনি দেশের মানুষ ও কৃষকদের কথা চিন্তা করেন। কৃষকদের স্বার্থ বিবেচনা করেই তিনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন, পরে কৃষকদের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত পরিবর্তন করে সুগার মিল এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের উন্নয়নে কাজ করছেন।
হুইপ দুলু আরও বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষিনির্ভর এই দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষকদের বাঁচানোর চিন্তা থেকে আখের দাম বাড়ানোসহ কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, সুগার মিলের উন্নয়নে যত ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা তা দেওয়ার চেষ্টা করবেন। তাঁর ভাষায়, আখচাষিরা এগিয়ে যান — তাঁদের পেছনে দেশের জনগণ ও কৃষকরা রয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোরের জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা নূরুল হাই মোহাম্মদ আনাছ, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ আখচাষিরা।



