চট্টগ্রামে যুবককে গুলি, ‘বড় সাজ্জাদ বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকরামের স্ত্রী সূচির দাবি, চট্টগ্রামের চিহ্নিত ‘বড় সাজ্জাদ বাহিনীর’ সদস্যরা তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি করেছে। দীর্ঘদিন ধরে ওই বাহিনীর কাছ থেকে তাঁরা প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন বলেও দাবি করেন তিনি।
সূচি জানান, ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদকে’ পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাঁদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।
ঘটনার বিবরণ দিয়ে সূচি আরও জানান, সোমবার দুপুরে ইকরাম তাঁর বাবার বাসার নিচের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইল নামের কয়েকজনকে ইকরাম চিনতে পেরেছেন বলে জানান সূচি।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি মামলা চলমান রয়েছে। সোমবারের গুলির ঘটনায়ও মামলা করবেন তাঁরা। একই সঙ্গে স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
পাঁচলাইশ মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই নুরুল আফসার। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।
গুলিবিদ্ধ যুবক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
