কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শৌচাগারে হত্যা মামলার হাজতির ঝুলন্ত মরদেহ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলার হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
এরপর চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




