ট্যারিফের চেয়ে কম প্রিমিয়াম নেওয়ার প্রমাণে গ্রিন ডেল্টা ও বিজিআইসির মেরিন কার্গো বিমা তিন মাস স্থগিত

দেশের দুটি বিমা কোম্পানির মেরিন কার্গো বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কোম্পানি দুটি হলো গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনার আগে গত ২ নভেম্বর আইডিআরএর একটি পরিদর্শন দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শনে ২০২৬ সালে বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হারে প্রিমিয়াম অবনমন করে রেট দেওয়ার প্রমাণ পাওয়া যায় বলে চিঠিতে বলা হয়েছে।
আইডিআরএর মতে, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম হারে প্রিমিয়াম গ্রহণ করে বিমা সুবিধা দেওয়ার এই কার্যক্রম বিমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারি করা সার্কুলার নম্বর ৮৩/২০২১-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় বিমা আইন, ২০১০-এর ১০(১) ধারা অনুযায়ী দুই কোম্পানির মেরিন কার্গো উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে বিমা আইন, ২০১০-এর ৬০(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে আইডিআরএ।
আইডিআরএ একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির মেরিন কার্গো বিমা-সংক্রান্ত নিবন্ধন বাতিল না করার বিষয়েও জবাব চেয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।




