ক্যালিফোর্নিয়ায় বিতর্কিত ভোট গণনা থামাতে ট্রাম্পের আবেদন খারিজ করল মার্কিন সুপ্রিম কোর্ট

মার্কিন সুপ্রিম কোর্ট ক্যালিফোর্নিয়ার মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনায় হস্তক্ষেপ চেয়ে ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের আবেদন খারিজ করে দিয়েছে।
বিচার বিভাগ চেয়েছিল ২০ হাজার ব্যালট আলাদা করে রাখা হোক। প্রশাসনের অভিযোগ ছিল, সেসব ব্যালট মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিদের কাছে ইস্যু করা হয়ে থাকতে পারে।
এর আগে দুটি নিম্ন আদালত ইতোমধ্যে এই আবেদন খারিজ করেছিল। রাজ্যের নির্বাচন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দাবি নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, কথিত অনাগরিকদের শনাক্ত করতে যে প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, তা নির্ভুল নয়।
সোমবারের এই রায়টি এসেছে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন। এই নির্বাচনেই নির্ধারিত হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে।
সুপ্রিম কোর্ট এক লাইনের আদেশে তার সিদ্ধান্ত ঘোষণা করে বিচার বিভাগের নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেছে। আদেশে বলা হয়েছে, বিচারপতি কাগানের কাছে উপস্থাপিত এবং তার মাধ্যমে আদালতে পাঠানো আপিল বিচারাধীন থাকা অবস্থায় নিষেধাজ্ঞার আবেদনটি খারিজ করা হলো।
এর অর্থ নিম্ন আদালতগুলোর রায় বহাল থাকবে এবং ওই ব্যালটগুলো অযোগ্য ঘোষণার জন্য ট্রাম্প প্রশাসনের চেষ্টা কার্যত শেষ হয়ে গেল।
ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য। সেখানে ভোটার তালিকায় রয়েছেন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ। ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেটের দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ডাকযোগে পাঠানো ৬০ লাখের বেশি ব্যালট ইতোমধ্যে পৌঁছেছে।
আদালতের নথি অনুযায়ী, বিচার বিভাগ গত মাসে ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়ে ২০ হাজার নিবন্ধিত ভোটারের ব্যালট আলাদা করে রাখার দাবি জানায়, যাদের ট্রাম্প প্রশাসন ‘সম্ভবত’ অনাগরিক বলে ‘বিশ্বাস’ করে।
এর প্রায় এক সপ্তাহ পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সশস্ত্র কর্মকর্তারা ক্যালিফোর্নিয়াজুড়ে কাউন্টি কর্মকর্তা ও কর্মচারীদের কাছে চিঠি পৌঁছে দেন। সেসব চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়, ওই ব্যালটগুলো আলাদা না করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।
বিবিসির দেখা ২২ পৃষ্ঠার একটি ব্রিফে বিচার বিভাগ বলেছে, অনাগরিকদের দেওয়া ভোট বৈধ ভোটকে ‘মূল্যহীন বা দুর্বল’ করে দিতে পারে।
শুক্রবার একটি কেন্দ্রীয় আপিল আদালত ব্যালটগুলো আলাদা করার জন্য সরকারের আবেদন প্রত্যাখ্যান করে।
ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তারা সরকারের দাবির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, সরকার যে নামের তালিকা দিয়েছে, তাতে প্রচুর ভুল রয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যোগ্য ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন এবং ভোট চলাকালে ব্যালট আলাদা করা বাস্তবসম্মত নয়।
গত সপ্তাহে কঠোর ভাষার এক রায়ে জেলা বিচারক ডেভিড কার্টার বলেন, ক্যালিফোর্নিয়ায় সরকারের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ‘নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার চলমান ধারার’ ইঙ্গিত দেয়। বিচারক আরও বলেন, আমেরিকার ইতিহাসে এর আগে কখনো কেন্দ্রীয় সরকার নির্বাচনের ঠিক আগের মুহূর্তে কোনো রাজ্য ও স্থানীয় সরকারকে তাদের নিজস্ব সাংবিধানিক নির্বাচনী প্রক্রিয়া পরিত্যাগ করে নির্বাহী বিভাগের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করেনি।

