…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের ট্রাম্প প্রশাসনের চেষ্টা খারিজ সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের ট্রাম্প প্রশাসনের চেষ্টা খারিজ সুপ্রিম কোর্টে
ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই চেষ্টা ব্যর্থ হওয়ায় মঙ্গলবার অনুষ্ঠেয় ভোটে বড় ধাক্কা খেল তারা।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এমন সব মানুষ এসব ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন, যাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকই নন। তাঁদের কেউ কেউ অবৈধভাবে ভোট দিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হয়।

এমন অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল, ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের যেন ডাকযোগে পাঠানো হাজার বিশেক ব্যালট আলাদা করে রাখতে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা ব্যাপক। তাঁর অভিযোগ, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করতে পারেন।

এসব অভিযোগের পক্ষে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাকে দায়ী করে আসছেন ট্রাম্প। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অনেক অঙ্গরাজ্যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ভোটার প্রায় দুই কোটি ৬০ লাখ। আগেও কয়েকটি নিম্ন আদালত নির্বাচন কর্মকর্তাদের পক্ষে আদেশ দিয়েছেন। তাঁদের যুক্তি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এবং সেই সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়েও সন্দেহ তৈরি করতে চাইছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি ৫২টি আসন ক্যালিফোর্নিয়ায়।

বিভিন্ন গবেষণা ও অঙ্গরাজ্য সরকারের নিরীক্ষায় দেখা গেছে, অ-মার্কিন নাগরিকসহ ভোটার নন—এমন ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল।

যুক্তরাষ্ট্রের ভোটাররা মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে, নাকি তা ডেমোক্রেটিক পার্টির হাতে যাবে, তা নির্ধারিত হবে এই ভোটে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সব কটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। এখন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮ ও ডেমোক্র্যাটদের ২১৪ আসন রয়েছে। সিনেটে রিপাবলিকানদের আছে ৫৩ আসন, আর দুজন স্বতন্ত্র সিনেটরের সমর্থনসহ ডেমোক্র্যাটদের আছে ৪৫ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রতিনিধি পরিষদে ২১৮ আসন ও সিনেটে ৫১ আসন প্রয়োজন হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে মূল লড়াই হবে প্রতিনিধি পরিষদের প্রায় ৪০ আসনে এবং সিনেটের ১০ থেকে ১২টি আসনে।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু: কোন রাজ্যে কখন খুলল, কখন বন্ধ হবে কেন্দ্র

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার কংগ্রেসে তাঁদের প্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে য…

আমেরিকা

টেক্সাসে আসন পুনর্বিন্যাসের পরীক্ষা মধ্যবর্তী নির্বাচনে: হিউস্টনে বদলে গেল কৃষ্ণাঙ্গ ভোটারদের আসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে টেক্সাসের হিউস্টনের সানিসাইড এলাকায় মাউন্ট হেবরন মিশনারি ব্যাপটিস্ট চার্চের রোববারের প্রার্থনা …

আমেরিকা

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা পাঠানো যেকোনো বিল আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয…

আমেরিকা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয়ের সব রেকর্ড ভাঙছে, ছাড়াতে পারে ১২ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যয় অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁ…