লিসবন ও পোর্তোতে আবাসন বিক্ষোভের তাঁবু শিবির গুঁড়িয়ে দিল পুলিশ, আটক ৩১

পর্তুগালের রাজধানী লিসবন ও পোর্তো শহরে আবাসন সংকটের প্রতিবাদে গড়ে ওঠা তাঁবু শিবির রোববার ভোররাতে উচ্ছেদ করেছে পুলিশ। লাঠিচার্জের এই অভিযানে দুই শহর মিলিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে।
লিসবনের রসিও স্কয়ারে গড়ে ওঠা ১০০-র বেশি তাঁবু সরাতে রোববার রাত দুইটার পরপরই অভিযান শুরু করেন ডজনখানেক পুলিশ কর্মকর্তা, যাদের কয়েকজনের সঙ্গে ছিল কুকুর। পোর্তোর দোম জোয়াও প্রথম স্কয়ারে প্রায় ৫০ তাঁবুর ছোট শিবিরটিও তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানটি ছিল আনুপাতিক এবং এর আগে শিবির ছেড়ে যেতে লোকজনকে অনুরোধ করা হয়েছিল। পুলিশের হিসাবে, অবাধ্যতার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে, দুই শহরে ১৭১টি স্থাপনা সরানো হয়েছে এবং তিন পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, লিসবনে আটক ২৫ জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের সংগঠন ‘কাসা পারা ভিভের’ (বসবাসের জন্য বাড়ি) পুলিশের দেওয়া আহতের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে; তাদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ঘুমন্ত বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত মানুষের ওপর ভোরবেলা পুলিশের কুকুর লেলিয়ে দেওয়া ও রাবার বুলেট ছোড়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত; সরকার আবাসন সংকট সমাধানের বদলে সংকটের বিরুদ্ধে সোচ্চারদের দমন করছে। সংগঠনটি নতুন বিক্ষোভের ডাক দিয়েছে।
বাম ব্লকের সংসদ সদস্য ফাবিয়ান ফিগেইরেদো পুলিশি পদক্ষেপকে দেশের গণতন্ত্রের ওপর আঘাত বলে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বাড়ির জন্য লড়াই একটি অধিকার, শান্তিপূর্ণ প্রতিবাদও তাই; সংবিধান দুটোরই নিশ্চয়তা দেয়।
এই তাঁবু শিবিরের শুরু অক্টোবরের গোড়ায়, পোর্তোতে প্রথম তাঁবু ফেলেন আন্দোলনকারীরা; স্পেনের অনুরূপ শিবির থেকে তাঁরা অনুপ্রাণিত। শনিবার লিসবনের অন্যতম প্রধান সড়ক ধরে হাজারো মানুষ আবাসনের দাম নিয়ে মিছিল করার পর রসিও স্কয়ারে শিবিরটি গড়ে ওঠে। এর আগের দিনগুলোতেও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, আটক ও আহতের ঘটনা ঘটেছে।
পর্তুগালে ২০১৭ সালের পর থেকে বাড়ির দাম দ্বিগুণের বেশি বেড়েছে, আর নতুন ইজারার ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সারা দেশে প্রায় তিন লাখ বাড়ির ঘাটতি রয়েছে, যা লিসবনের মোট আবাসনের সমান।
আন্দোলনকারীদের দাবি, উচ্ছেদ সহজ করা ও নতুন ইজারায় ভাড়ার সীমা তুলে দেওয়ার প্রস্তাবিত আইন বাতিল করতে হবে; বিলটি সম্প্রতি সংসদে প্রথম পাঠে পাস হয়েছে। প্রতিবেশী স্পেনেও আবাসন সংকট নিয়ে বিক্ষোভ চলছে; মাদ্রিদের কেন্দ্রে গড়ে ওঠা তাঁবু শিবির চতুর্থ সপ্তাহে পড়েছে।




