যুক্তরাষ্ট্রে ৪০০ কোটি ডলারে অডির প্রথম কারখানা গড়ছে ফোকসভাগেন, তৈরি হবে সাড়ে ৪ হাজার কর্মসংস্থান

অডি জানিয়েছে, তারা ৪০০ কোটি ডলার (৩০০ কোটি পাউন্ড) ব্যয়ে যুক্তরাষ্ট্রে তাদের প্রথম কারখানা নির্মাণ করবে। মূল প্রতিষ্ঠান ফোকসভাগেন ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা কঠোর শুল্কের প্রভাব সামলাতে হিমশিম খাওয়ার মধ্যেই এই ঘোষণা এলো।
জর্জিয়ায় এই বিনিয়োগে ৪ হাজার ৫০০ কর্মসংস্থান তৈরি হবে। জার্মান ব্র্যান্ডটির প্রধান নির্বাহী গেরনট ডলনার শনিবার রাতে এক প্রচারণা সমাবেশে ট্রাম্পের সঙ্গে মঞ্চে উঠে জর্জিয়ার ম্যাকনে কারখানাটির ঘোষণা দিয়েছেন—মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে একটি বড় ইউরোপীয় ব্র্যান্ডের জন্য এটি অস্বাভাবিক পদক্ষেপ।
ট্রাম্পের অধীনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে, তবে জনমত জরিপে দলটি পিছিয়ে রয়েছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে তার বাণিজ্যযুদ্ধ দলটিকে চাপে রেখেছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে তার শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান বাড়াতে সাহায্য করছে, এবং নতুন কারখানা বিনিয়োগের খবরকে তিনি কাজে লাগিয়েছেন। তবে গত বছর ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন ও যন্ত্রাংশ খাতের কর্মসংস্থান কমেছে।
ফোকসভাগেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিমিয়াম ব্র্যান্ড অডি ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর ট্রাম্পের ১৫ শতাংশ শুল্কে ক্ষতিগ্রস্ত হয়েছে; পেট্রোল গাড়ির পক্ষে ব্যাটারি বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমানোর প্রেসিডেন্টের প্রচেষ্টার প্রভাবও পড়েছে।
অডি জানিয়েছে, নতুন মার্কিন কারখানায় তারা ২ লাখ এসইউভি তৈরির লক্ষ্য নিয়েছে এবং এতে ৪ হাজার ৫০০ কর্মসংস্থান তৈরি হবে। কারখানাটিতে কিউ৭, কিউ৮ ও কিউ৯ এসইউভি তৈরি হবে, যার কিছু উৎপাদন স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা থেকে সরিয়ে আনা হবে।
ফোকসভাগেন বলেছে, বিক্রি কমে যাওয়ার প্রভাবের আগেই ট্রাম্পের শুল্কে তাদের বছরে ৫০০ কোটি ইউরো (৪২০ কোটি পাউন্ড) পর্যন্ত খরচ হচ্ছে। জার্মান নির্মাতাটি এই মাসে বলেছে, তারা এখনো 'আমদানি শুল্কের অব্যাহত উচ্চ চাপ' সামলাতে হিমশিম খাচ্ছে। সবচেয়ে সস্তা গাড়িগুলোর কিছু উৎপাদন—যেমন জেটা সেলুন ও টাওস এসইউভি—মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে সরাতেও প্রতিষ্ঠানটি বাধ্য হয়েছে।
নতুন কারখানাটি জার্মানিতে উত্তেজনা আরও বাড়াতে পারে, যেখানে ফোকসভাগেন ১ লাখ পর্যন্ত কর্মসংস্থান ছাঁটাই ও কারখানা বন্ধ করা শুরু করেছে। চীনা গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা, শুল্ক এবং যুক্তরাষ্ট্র ছাড়া অন্য বাজারগুলোর জন্য বৈদ্যুতিক গাড়ির দিকে যাওয়ার পথে বড় বিনিয়োগের প্রয়োজনকেই তারা এই ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখিয়েছে।
ডলনার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি ট্রাম্পের সমাবেশে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা আমাদের সবচেয়ে বড় ও সবচেয়ে প্রিমিয়াম এসইউভিগুলো এখানে, জর্জিয়ার ম্যাকনে তৈরি করার পরিকল্পনা করছি। এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ, কারণ আমরা মার্কিন বাজারে বিশ্বাস করি।'
ফোকসভাগেনের প্রধান নির্বাহী অলিভার ব্লুম জুলাইয়ে বিনিয়োগকারীদের বলেছিলেন, 'মার্কিন শুল্ক উল্লেখযোগ্য বোঝা তৈরি করে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সীমিত করে।'
তবে গোষ্ঠীটি বলেছে, যুক্তরাষ্ট্রে অডির বড় পেট্রোল এসইউভির চাহিদা এখনো রয়েছে, এবং মার্কিন বাজারের কথা মাথায় রেখেই তারা তাদের এযাবৎকালের সবচেয়ে বড় এসইউভি কিউ৯-এর পরিকল্পনা করছে।




